
কলকাতা, ১৫ মে : ছোটনাগপুরের ব্রিটিশবিরোধী গণসংগ্রাম ও সাঁওতাল বিদ্রোহের অমর শহীদ বীর চানকু মাহাতোর আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, "ছোটনাগপুরের ব্রিটিশ বিরোধী গণসংগ্রাম সাঁওতাল বিদ্রোহের অমর শহীদ বীর চানকু মাহাতোর আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধা ও হুল জোয়ার।"
উল্লেখ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে বীর চানকু মাহাতোর বিশেষ ভূমিকা রয়েছে। কুর্মি সম্প্রদায়ের এই বীর যোদ্ধা দীর্ঘদিন ধরে নিজের সম্প্রদায়ের দাবি আদায়ের পাশাপাশি অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তৎকালীন বিহারের গোড্ডা জেলার রাঙামাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই বিপ্লবী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে শেষ পর্যন্ত তাঁকে আত্মবলিদান দিতে হয়েছিল। 'শহীদের রক্ত হবে না কো ব্যর্থ'—এই স্লোগানকে সামনে রেখেই স্বাধীনতার পরবর্তী সময়ে দেশ এগিয়ে চলেছে। বিপ্লবীর এই আত্মবলিদান দিবসে এদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।
