kolkata

1 hour ago

Mamata Banerjee : ‘বাংলায় বুলডোজার রাজ চলতে পারে না’, হাই কোর্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপরবর্তী হিংসার অভিযোগে বিরোধী নেতাকর্মীদের সুরক্ষার দাবিতে প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে সওয়াল করেন তিনি। এর আগে এসআইআর ইস্যুতেও সুপ্রিম কোর্টে নিজে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন তৃণমূল নেত্রী।এজলাসে দাঁড়িয়ে মমতা বললেন, “এটা বুলডোজার রাজ্য নয়। বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।”

এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যর পাশাপাশি সওয়াল করেন দলনেত্রী মমতা নিজে। কিন্তু সওয়াল শুরুর আগেই তাঁর উদ্দেশে কটাক্ষ ভেসে আসে। জনৈক আইনজীবী বলে ওঠেন, ‘এখানে নাটক করবেন না।’ জবাবে মমতা বলেন, ‘আমি ১৯৮৫ সাল থেকে আইনজীবী। এবং সেই হিসাবেই আমি সওয়াল করতে চাই।’ তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “৯২ বছরের বৃদ্ধ, ১৮ বছরের দম্পতিকেও বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তফশিলি জাতি, সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে।” এমনকী তাঁকে বাড়ি থেকে বেরিয়ে থানা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তৃণমূল নেত্রী।

আদালতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না। অনলাইনে অভিযোগ জানাতে হচ্ছে। ১২ বছরের কিশোরীকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। মাছ-মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে।” এরপর একপ্রকার কাতর স্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সওয়াল, “বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।” তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একাধিক অভিযোগ তোলেন। পালটা পুলিশের তরফে দাবি করা হয়, “কোথায় কোথায় অশান্তি হয়েছে সেগুলি নির্দিষ্ট করে বলা হয়নি, অথচ ২০০০টি গন্ডগোলের কথা বলা হচ্ছে। পুলিশ কাজ করছে, কেউ অপরাধ করে থাকলে পুলিশ নিশ্চই ব্যবস্থা নেবে এবং নিচ্ছে।” পুলিশের দাবি, “যেখানে যা গন্ডগোল হচ্ছে তার সবটাই ভোট পরবর্তী সন্ত্রাস নয়। তদন্ত চলছে।”কার্যত মমতার পাশে দাঁড়িয়েই এই মামলায় সওয়াল করেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

অন্যদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের দায়ের করা নিউ মার্কেট সংক্রান্ত মামলাতেও জবাব দেন ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, সরকার ওই অস্থায়ী কাঠামো ভাঙেনি। ঘটনায় যুক্তদের মধ্যে ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে যখন এই মামলার সওয়াল জবাব চলছে, ঠিক সেই সময় আদালতের বাইরে জয় শ্রী রাম স্লোগান ওঠেন। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিজেপিকে রুখতে বামদের এগিয়ে আসার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এরমধ্যেই এদিন যেভাবে বিকাশরঞ্জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেখা গেল, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিকতরজা। রাজনৈতিকমহলের একাংশের কথায়, বাইরে না হলেও আদালতে এবার বাম-তৃণমূল জোট স্পষ্ট।  

সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন মমতা। তৃণমূলনেত্রীকে লক্ষ্য করে ওঠে ‘চোর’ স্লোগান এবং অন্য কুকথাও। জয় শ্রীরাম ধ্বনিও তোলেন বিজেপিপন্থী আইনজীবীরা। কোনওক্রমে তৃণমূলপন্থী আইনজীবীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোনওক্রমে এজলাস থেকে বের করে নিয়ে যান।

You might also like!