
কলকাতা, ৮ মে : ২০২৬ ফিফা বিশ্বকাপ এসে গেল। কানাডা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে এবারে বিশ্বকাপ আয়োজন করছে। এনিয়ে চলছে নানান আলোচনা। তারই মধ্যে বিশ্বকাপ জয়ের সম্ভাব্য ফেবারিটদের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন বেটিং ও বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম। বিশ্লেষকদের মতে, বর্তমানে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬.৭ শতাংশ। কারণ ,ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে বেশ আশাবাদী ফুটবলবিশ্ব। আর কিলিয়ান এমবাপের নেতেৃত্বে এবারও শক্তিশালী গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স।
তৃতীয় স্থানে রাখা হয়েছে ইংল্যান্ডকে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৩.৩ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করায় জন্য ইংল্যান্ডকে এবারও বিশ্বকাপে অন্যতম দাবিদার ধরা হচ্ছে। এছাড়া ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও থাকছে শিরোপা লড়াইয়ের সামনের সারিতে। সেলেসাওদের জয়ের সম্ভাবনা ১১.১ ও আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ১০.৫ শতাংশ। বিশেষ করে ব্রাজিল নতুন কোচ কার্লো আনেচেলত্তির অধীনে এবার বিশ্বকাপে যাচ্ছে । আর আর্জেন্টিনা এখনও নির্ভর করছে ২০২২ বিশ্বকাপজয়ী মূল দলের অনেক খেলোয়াড়ের ওপর।
অন্যদিকে পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডকেও বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ ও ৪.৮ শতাংশ। সব মিলিয়ে, এবারের বিশ্বকাপের এক মাস আগেই থেকেই জমে উঠেছে শিরোপা লড়াইয়ের হিসাব-নিকাশ। তবে বিশ্বকাপের এই মঞ্চে এইসব হিসাব নিকাশ উল্টে দেওয়ার জন্য তৈরি বিশ্বসেরা দলগুলো।শেষ পর্যন্ত কে ট্রফি উঁচিয়ে ধরবে, তা কিন্তু সময়ই বলবে।
