
লন্ডন, ৭ মে : টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলো পিএসজি। গতবার ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি। এনরিকের শিষ্যদের এবার শিরোপার লড়াই আর্সেনালের বিপক্ষে। আগামী ২০ মে ফাইনালটি অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে। বুধবার আর্সেনাল সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদকে দুই লেগে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে। পিএসজি বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখকে হারালো ৬-৫ ব্যবধানে। প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জেতা দলটি দ্বিতীয় লেগ ড্র করেছে ১-১ গোলে। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় ব্যবধান ১-০ করেন আগের লেগে জোড়া গোল করা উসমান ডেম্বেলে। এই গোলের বড় কৃতিত্বের ভাগিদার অবশ্য খাবিচা কাভারেস্কেলিয়া। এরপর ৯০ মিনিটের ম্যাচ শেষে যোগ করা সময় দেওয়া হয় ৫ মিনিট। যোগ করার সময়ের চতুর্থ মিনিটে হ্যারি কেন গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। কিন্তু হাতে বেশি সময় ছিল না। ফলে মিউনিখের আর গোল করে ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার সুযোগ হয়নি। ২০১৯ সালে ষষ্ঠ শিরোপা জেতার পর থেকে তারা আর ফাইনালে উঠতে পারছে না।
