Entertainment

1 hour ago

Bollywood Buzz: মৌনী-সূরজ সম্পর্কে ভাঙনের জল্পনা, বলিপাড়ায় জোর গুঞ্জন বিচ্ছেদের

Mouni Roy spotted with friend in Mumbai
Mouni Roy spotted with friend in Mumbai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মৌনী রায়। গত কয়েকদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। স্বামী সূরজ নাম্বিয়ার-এর সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে নাকি দেখা দিয়েছে তীব্র টানাপোড়েন। সোশাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করা থেকে শুরু করে বিয়ের ছবি সরিয়ে ফেলা—সব মিলিয়ে বিচ্ছেদের গুঞ্জনে এখন সরগরম বলিপাড়া। সূত্রের খবর, নতুন বছরের শুরু থেকেই নাকি তাঁদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। সম্প্রতি সেই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে সূরজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া। অন্যদিকে, মৌনীও নাকি সামাজিক মাধ্যমে নিজেদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মুছে ফেলেছেন। আর তারপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা কানাঘুষো আলোচনা। 

বলিউডের অন্দরমহলে শোনা যাচ্ছে, দাম্পত্যে অশান্তির নেপথ্যে রয়েছে একাধিক কারণ। কারও দাবি, সূরজের জীবনে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আবার অন্য একটি মহলের বক্তব্য, মৌনীর জনপ্রিয়তাই আসলে দাম্পত্যে কাল হয়ে দাঁড়িয়েছে। কীরকম? কানাঘুষো, বিয়ের পর থেকেই নাকি স্ত্রী নায়িকার তুমুল খ্যাতিতে ঢাকা পড়ে যাচ্ছিলেন স্বামী সূরজ। তিনি দুবাই ভিত্তিক একজন বিনিয়োগ ব্যাঙ্কার। থাকেনও সেখানেই। আর মৌনীর জনপ্রিয়তা নিয়েই নাকি অশান্তির সূত্রপাত। গত ছ’মাস ধরে আলাদা থাকছেন তাঁরা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্বামী সূরজ?


বলিউডের খ্যাতনামা সাংবাদিক ভিকি লালওয়ানির দাবি, “সূরজ বর্তমানে এমন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা ১৯৭৩ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের কালজয়ী সিনেমা ‘অভিমান’ রিলিজের পর জয়া ভাদুড়ির ব্যাপক জনপ্রিয়তায় অমিতাভ বচ্চন অনুভব করেছিলেন। সূত্র মারফৎ খবর, সূরজ বিপুল বিত্তবৈভবের মালিক হওয়া সত্ত্বেও মুম্বইতে থাকাকালীন প্রায়শই এমনটা অনুভব করতেন যে, স্ত্রী মৌনীর তুলনায় তাঁকে খুব কম মানুষই চেনেন।”  এই জল্পনার মধ্যেই বুধবার সন্ধ্যায় প্রথমবার প্রকাশ্যে দেখা যায় মৌনীকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে অভিনেত্রীর হাতে নেই বিয়ের আংটি। সেই দৃশ্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মৌনী কিংবা সূরজ—দু’জনের কেউই। 

২০২২ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ। বিয়ের পর একাধিকবার সোশাল মিডিয়ায় তাঁদের সুখী দাম্পত্যের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। করওয়া চৌথ থেকে বিদেশ সফর—সব ক্ষেত্রেই একসঙ্গে ধরা দিয়েছেন তাঁরা। তাই আচমকা এই দূরত্বের খবরে অবাক অনুরাগীরাও। তবে বলিউডে সম্পর্কের সমীকরণ যে মুহূর্তে বদলে যেতে পারে, তা নতুন নয়। এখন দেখার, এই জল্পনা শুধুই গুঞ্জনে সীমাবদ্ধ থাকে, নাকি সত্যিই চার বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার। 


You might also like!