
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ১২ থেকে ২৩ মে পর্যন্ত ফ্রান্সে বসতে চলেছে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক সিনেমা, সংস্কৃতি, ফ্যাশন এবং বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ এই মঞ্চকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকা, পরিচালক, প্রযোজক এবং ফ্যাশন আইকনদের সমাগম ঘটবে কানের লাল গালিচায়। আর সেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট এবং অদিতি রাও হায়দারি। পাশাপাশি এবারের উৎসবে প্রথমবার অংশ নিতে চলেছেন টলিউড অভিনেত্রী পার্ণো মিত্রও।
সোমবার ভোরেই কানের উদ্দেশ্যে মুম্বই থেকে রওনা দিয়েছেন আলিয়া ভাট। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট, ডেনিম জিনস এবং বুটে তাঁর স্টাইলিশ উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের। আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসডর হিসেবে এবারের উৎসবে অংশ নিচ্ছেন আলিয়া। ফলে শুধু ভারতীয় প্রতিনিধিত্বই নয়, বিশ্বের বহু জনপ্রিয় আন্তর্জাতিক তারকার সঙ্গেও একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যাবে তাঁকে। কানের মঞ্চে এবার আলিয়ার সঙ্গে উপস্থিত থাকবেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, কিংবদন্তি অভিনেত্রী জেন ফন্ডা এবং ভিয়োলা ডেভিসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরা। আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় অভিনেত্রীর এই উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিশেষত গত বছরের কানে অভিষেকের পর আলিয়ার আত্মবিশ্বাস ও জনপ্রিয়তা আরও বেড়েছে বলেই মত অনুরাগীদের একাংশের।

দ্বিতীয়বার কানের মঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন আলিয়া। অভিনেত্রীর কথায়,“দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এবছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। নারীদের পারস্পরিক সমর্থন ও তাদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। এমন একটি ব্র্যান্ড যারা নারীর ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে সমর্থন করে সঙ্গে তাদের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।” আলিয়ার পাশাপাশি এবারের উৎসবে নজর থাকবে ঐশ্বর্য রাই বচ্চনের দিকেও। বহু বছর ধরেই কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত মুখ তিনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট এবং রেড কার্পেট উপস্থিতি প্রতি বছরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয়। একইসঙ্গে অদিতি রাও হায়দারির উপস্থিতিও বিশেষ আকর্ষণ হতে চলেছে। ‘হীরামান্ডি’-র ‘বিব্বোজান’ চরিত্রে প্রশংসা কুড়োনোর পর আন্তর্জাতিক মঞ্চে তাঁকে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
অন্যদিকে, প্রথমবার কানের মঞ্চে পা রাখতে চলেছেন টলিউড অভিনেত্রী পার্ণো মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের প্রতিনিধি হিসেবে তাঁর এই যাত্রা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ। ফলে এবারের কানে ভারতীয় তারকাদের উপস্থিতি যে আরও বেশি আলোচনার কেন্দ্রে থাকবে, তা বলাই যায়। উল্লেখ্য, বর্তমানে আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় গ্লোবাল স্টার। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন এবং ব্র্যান্ড দুনিয়াতেও তিনি সমানভাবে প্রতিষ্ঠিত। যশ রাজ ফিল্মসের ব্যানারে তাঁর আসন্ন ছবি ‘আলফা’ নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। পাশাপাশি সঞ্জয়লীলা বনশালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে আপাতত অনুরাগীদের নজর কানের লাল গালিচায়, যেখানে ফের একবার গ্ল্যামার আর আত্মবিশ্বাসে মুগ্ধ করতে প্রস্তুত আলিয়া ভাট।

