
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক হিংসায় নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানাল রাজ্য সরকার। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধাও জানান মুখ্যমন্ত্রী।
যে সকল বিজেপি কর্মীদের আত্মবলিদানের মাধ্যমে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাঁদের কৃতজ্ঞতা জানান শুভেন্দু। রাজনৈতিক সন্ত্রাসে রাজ্যের ৩২১ জন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিচারের আশ্বাস দেন তিনি। পাশাপাশি এই সব কর্মীর পরিবারগুলির সামাজিক ও অন্যান্য দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।
আজ সোমবার নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং হয়। এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সরকারের আরও ৫ মন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকে ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহিদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য সরকার। রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল প্রথম ক্যাবিনেটের বৈঠকে।
