
ভুবনেশ্বর, ২৪ অক্টোবর : বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি দ্রুত শক্তি বৃদ্ধি করে ২৬ অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এই সতর্কতা জারি করে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর নাগাদ এর প্রভাবে ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী এবং কিছু এলাকায় প্রবল ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় ওড়িশা সরকারের তরফে উপকূলীয় জেলাগুলির প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং নজরদারি ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।
