
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এবার বঙ্গবাসীর কাছে রাজস্থান যাত্রা আরও সহজ হতে চলেছে। দীপাবলির আগেই সাঁতরাগাছি থেকে জয়পুরের কাছে খাতিপুরা পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু হল। সোমবার ভার্চুয়ালি এই রেল পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভার্চুয়াল মাধ্যমে সাঁতরাগাছি-খাতিপুরা ট্রেনের ফ্ল্যাগ অফ করে রেলমন্ত্রী জানান, আগে কলকাতার যাত্রীদের জয়পুরগামী ট্রেন ধরতে খড়গপুর যেতে হত। নতুন পরিষেবা চালু হওয়ায় সাঁতরাগাছি থেকে টাটানগর হয়ে সরাসরি রাজস্থান যাওয়ার সুযোগ তৈরি হল।
প্রতি বুধবার সাঁতরাগাছি স্টেশন থেকে দুপুর ২টো ১৫ মিনিটে ছাড়বে জয়পুরগামী ট্রেনটি। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টশনে পৌঁছবে। ওই ট্রেনটি আবাক জয়পুর থেকে পরেরদিন অর্থাৎ শুক্রবার ৯টা ২০ মিনিটে ছেড়ে শনিবার সন্ধে ৭ টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।
১৬ কামরার এলএইচবি কোচ ব্যবহার করে ট্রেন চালানো হবে। রিজার্ভড শ্রেণিতে ৮ টি স্লিপার, ১ টি থ্রি এসি ও ৩টি থ্রি এসি ইকোনমি কামরা বিশিষ্ট এই ট্রেন। সাঁতরাগাছি স্টেশন থেকে রাজস্থানের জয়পুরগামী যাত্রীদের জন্য সাপ্তাহিক ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল। ট্রেনটি খড়গপুর, টাটানগর, হয়ে চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা স্টেশনে ট্রেন থামবে। এদিন ট্রেনের সূচনা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতার যে মেট্রোরেকের কাজ সম্পন্ন হয়েছে সেগুলি দ্রুত উদ্বোধনের আবেদন জানান তিনি। শুভেন্দুর কথায়, “১৭-২৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, তারপর প্রবাসী ভারতীয়দের সম্মেলন, ওয়ার্ল্ড এনার্জি সপ্তাহের আগে মেট্রোর উদঘাটনের অনুরোধ জানাচ্ছি।” গত সরকারের আমলে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ যুদ্ধকালীন তৎপরতা সম্পন্ন করেছে বর্তমান রাজ্য সরকার। সেই প্রসঙ্গ তুলে তৃণমূলকে ‘তুষ্টিকরণ, ভ্রষ্টাচার, পরিবারবাদ’-এর সরকার বলে বিঁধেছেন শুভেন্দু। শুধু তাই নয়, এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেলপথ চালুর আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
