
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে নতুন সরকার গঠন করেছে বিজেপি। শনিবার ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। আর সেই আবহেই নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরলেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। শুক্রবার মুক্তি পেয়েছে আসন্ন ছবি সপ্তডিঙার গুপ্তধন-এর ট্রেলার। ছবির প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির, অর্জুন এবং অভিনেত্রী ইশা সাহা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের নতুন প্রশাসন নিয়ে নিজেদের ভাবনা ভাগ করে নেন দুই অভিনেতা।
আবির চট্টোপাধ্যায় বলেন, ‘এখনই হয়তো বলা ঠিক নয়। কারণ সবে মাত্র জনতা সিদ্ধান্ত জানিয়েছেন। তবে আমি ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে বলতে পারি তাৎক্ষণিক কোনও কাজের থেকে দীর্ঘমেয়াদী কাজের পরিকল্পনা আমার কাছে বেশি কাম্য। ফলে আমি কখনওই এমন আশা করব না যে রাতারাতি কিছু হবে। সময় লাগবে। সেই ধৈর্য্য ধরতে আমরা রাজি আছি কারণ ইন্ডাস্ট্রির একজন হিসেবে আমি অবশ্যই চাইবো যে, ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা আরও বেশি করে আসুক। ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ আরও বেশি করে আসুক। সবাই যেন সম্মানের সঙ্গে নিজের কাজ করতে পারেন এবং যাঁরা, যে কাজ ভালো বোঝেন, তাঁকে যেন সেই দায়িত্ব দেওয়া হয়।’
অন্যদিকে অর্জুন চক্রবর্তীও সহমত পোষণ করে বলেন, ‘আমাদের কাজের জায়গার বাইরে সাধারণ নাগরিক হিসেবে এটাই চাইবো। স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, রাস্তার ট্রাফিক হোক সবটাই যে আরও সুন্দর ভাবে হয়, আইনকানুন যাতে ভালো করে মেইনটেইন করা যায়। সামজ ভালোভাবে চলার জন্য যা যা লাগে সেই সাধারণ চাহিদাগুলোই থাকবে।’
প্রসঙ্গত, এদিন ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সাংস্কৃতিক জগতের বহু পরিচিত মুখও হাজির ছিলেন অনুষ্ঠানে। রবীন্দ্রজয়ন্তীর দিনেই নতুন সরকারের শপথ গ্রহণ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।
