
কলকাতা, ২৩ জুন : ইরাককে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল দিদিয়ে দেশমের দল। আমেরিকা, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর রাউন্ড অফ ৩২ নিশ্চিত করল ফ্রান্স। ফিলাডেলফিয়ায় ‘আই’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ফ্রান্স। ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ খেলার উপলক্ষ জোড়া গোল করে রাঙালেন তারকা এমবাপে। তাদের অন্য গোলদাতা উসমান দেম্বেলে। চোখধাঁধানো এক গোলে দলকে এগিয়ে নেওয়া এমবাপে বিরতির পর করেন দ্বিতীয় গোল। আসরে দুই ম্যাচে তার গোল হলো চারটি।
বিশ্বকাপে সব মিলিয়ে ১৬ ম্যাচে এমবাপের গোল এখন ১৬টি। এবারের আসর শুরুর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি, সেই মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন তিনি। সোমবার ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠেন লিওনেল মেসি (১৮)। ভারতীয় সময় সোমবার রাত তিনটায় শুরু হওয়া ম্যাচটি শেষ হয় মঙ্গলবার সকাল প্রায় সাতটায়। কারন, এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ল।
এদিকে কিলিয়ান এমবাপের পাশাপাশি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও রেকর্ডে নাম লেখালেন। ইরাকের বিপক্ষে ফ্রান্সের জয়ের ফলে বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে স্পর্শ করলেন তিনি। বর্তমানে ১৬ জয় নিয়ে জার্মানির প্রাক্তন কোচ হেলমুট শ্যোনের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকলেন দেশম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জিততে পারলে ১৭ জয় নিয়ে এককভাবে রেকর্ডের অধিকারী হবেন দেশম।
