
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সঞ্জয় লীলা বনশালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালীন এক কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন করে সরব হল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। মৃত কর্মীর পরিবারের জন্য প্রযোজনা সংস্থার ঘোষিত ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার দাবি তুলেছে সংগঠনটি।
সূত্রের খবর, গত ১৭ জুন মুম্বইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিয়োতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ৪২ বছর বয়সি কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদব। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাটি ঘটার সময় ছবির শুটিং চলছিল এবং অভিনেত্রী আলিয়া ভাটও সেটে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর বনশালি প্রোডাকশনস মৃত কর্মীর পরিবারের জন্য ৪০ লক্ষ টাকার আর্থিক সহায়তার প্রস্তাব দেয়। তবে FWICE-এর মতে, যাদবের পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করলে এই অঙ্ক যথেষ্ট নয়। তাই ক্ষতিপূরণ বাড়িয়ে অন্তত ৫০ লক্ষ টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি বি. এন. তিওয়ারি জানান, ‘আমরা চাই ক্ষতিপূরণের পরিমাণ ৫০ লক্ষ টাকা করা হোক। তাঁর সন্তানরা এখনও খুব ছোট, তাদের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি আমরা সেটে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের কাজের সময়সীমা নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছি। তিনি একজন দক্ষ টেকনিশিয়ান ছিলেন। এভাবে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’ FWICE আরও দাবি করেছে, চন্দ্রধারী সিং যাদবের স্ত্রীকে প্রযোজনা সংস্থার তরফে একটি চাকরির সুযোগ দেওয়া হোক, যাতে পরিবারটি নিয়মিত আয়ের উৎস পায়। যদিও এই অতিরিক্ত দাবিগুলির বিষয়ে এখনও পর্যন্ত বনশালি প্রোডাকশনসের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
এদিকে ছবির কাজ নির্ধারিত সূচি মেনেই এগিয়ে চলেছে। সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। বড় বাজেটের এই প্রজেক্ট ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর বর্তমানে ছবিটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
