
ফলতা, ২০ জুন : লুকোচুরি শেষ, এবার পুলিশের জালে ধরা পড়লো জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিও। গত কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অভিযোগ, স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনার চক্রান্তের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই থানা ঘেরাও করা হয়েছিল। থানায় হামলার চেষ্টাও করা হয়েছিল। শনিবার সকালে ফলতা থানার পুলিশ জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেফতার করেছে।
জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। থানা ঘেরাওয়ের ঘটনায় ইতিমধ্যেই প্রায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রেজিনা বিবি ছিলেন পলাতক, অবশেষে তাঁকেও পুলিশ গ্রেফতার করেছে। উল্লেখ্য, ফলতার ত্রাস হিসেবে পরিচিত জাহাঙ্গির খান। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফলতা বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন জাহাঙ্গির। এই ফলতায় পুনর্নির্বাচনও হয়েছিল। পুনর্নির্বাচনের আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির।
