Entertainment

1 hour ago

Ranveer As Shiva: মহাদেবের চরিত্রে রণবীর? ‘ধুরন্ধর’-এর সাফল্যের মাঝেই নতুন চমক বলিউডে

Ranveer Singh Lord Shiva Movie
Ranveer Singh Lord Shiva Movie

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একের পর এক সফল ছবির মাধ্যমে বলিউডে নিজের অবস্থান আরও মজবুত করছেন রণবীর সিং। সম্প্রতি ‘ধুরন্ধর’-এ হামজা আলি মাজার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। অ্যাকশন ও তীব্র আবেগে ভরপুর সেই চরিত্রে রণবীরের পারফরম্যান্স নিয়ে এখনও আলোচনা চলছে সিনেপ্রেমীদের মধ্যে। আর তার মাঝেই বি-টাউনে জোর গুঞ্জন— এবার নাকি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক পৌরাণিক চরিত্রে দেখা যেতে পারে অভিনেতাকে।


ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, জনপ্রিয় লেখক আমিষ ত্রিপাঠীর বহুচর্চিত ‘শিব ট্রিলজি’ অবলম্বনে তৈরি হতে চলেছে একটি বড় বাজেটের চলচ্চিত্র সিরিজ। আর সেই ছবিতেই মহাদেবের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর সিং। জানা গিয়েছে, অভিনেতার প্রযোজনা সংস্থা ‘মা কসম ফিল্ম’ ইতিমধ্যেই ‘দ্য ইমমর্টাল অফ মেলুহা’-র স্বত্ব অধিগ্রহণ করেছে। ২০১০ সালে প্রকাশিত ‘দ্য ইমমর্টাল অফ মেলুহা’ ভারতীয় পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সঙ্গে যুক্ত হয় ‘দ্য সিক্রেট অফ দ্য নাগাস’ এবং ‘দ্য ওথ অফ দ্য বায়ুপুত্রাস’। এই তিনটি বই নিয়েই গড়ে উঠেছে বিখ্যাত ‘শিব ট্রিলজি’। উপন্যাসগুলিতে শিবকে কোনও অলৌকিক দেবতা হিসেবে নয়, বরং হিমালয়ের এক সাধারণ যোদ্ধা হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি সময়ের সঙ্গে হয়ে ওঠেন ‘নীলকণ্ঠ’।


সূত্রের খবর, রণবীর বহুদিন ধরেই এই গল্পকে বড় পর্দায় আনার স্বপ্ন দেখছিলেন। সম্প্রতি সেই পরিকল্পনা বাস্তবের পথে হাঁটতে শুরু করেছে। প্রযোজনা সংস্থা ‘বিরলা স্টুডিও’-র সঙ্গে যৌথভাবে এই মেগা প্রজেক্ট তৈরি করার প্রস্তুতি চলছে। নির্মাতাদের লক্ষ্য, আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও বিশাল ক্যানভাসে ভারতীয় পৌরাণিক কাহিনিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরা। শোনা যাচ্ছে, পুরো গল্পটি তিনটি ছবিতে ভাগ করে তৈরি করা হবে। যদিও এখনও পর্যন্ত পরিচালক নির্বাচন করা হয়নি। চিত্রনাট্যের কাজ একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছনোর পরই পরিচালকের নাম ঘোষণা করা হতে পারে বলে খবর। আপাতত গল্প ও ভিজ্যুয়াল পরিকল্পনার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। সব কিছু ঠিকঠাক এগোলে ২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ছবির শুটিং। ফলে ভারতীয় গুপ্তচরের পর এবার পৌরাণিক জগতে রণবীর সিংয়ের প্রবেশ নিয়ে উত্তেজনা তুঙ্গে তাঁর অনুরাগীদের মধ্যে।



You might also like!