
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই সৌন্দর্য, ফ্যাশন এবং অভিনয়ের জন্য আলাদা করে নজর কেড়েছেন তারা সুতারিয়া। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর একাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার উঠে এসেছেন চর্চায়। কখনও বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক, আবার কখনও আদিত্য রয় কাপুরের সঙ্গে ‘আশিকি’ নিয়ে এখনও চর্চার কেন্দ্রে— সব মিলিয়ে বি-টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী। আর এবার তাঁর নাম জড়াল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর সঙ্গে।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করতে পারেন তারা সুতারিয়া। অবশেষে সেই জল্পনাই আরও জোরালো হল বিমানবন্দরে অভিনেত্রীর উপস্থিতির পর। ১২ মে থেকে শুরু হলো বিশ্বের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব, আর তার ঠিক আগেই আন্তর্জাতিক সফরের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় তারাকে। ফলে কানের রেড কার্পেটে তাঁর উপস্থিতি এখন প্রায় নিশ্চিত বলেই মনে করছেন অনুরাগীরা। ফ্যাশনের দুনিয়ায় কান মানেই চমক, স্টাইল এবং গ্ল্যামারের লড়াই। আর সেখানেই নাকি একেবারে অন্যধারার লুক নিয়ে হাজির হতে চলেছেন তারা। জানা গিয়েছে, আধুনিক ফ্যাশনের বদলে হলিউডের পুরনো দিনের ক্লাসিক গ্ল্যামারকেই তুলে ধরতে চান অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি হলিউড তারকা এলিজাবেথ টেলারের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্ট থেকেই শুরু হয় নতুন জল্পনা। অনেকের ধারণা, পাঁচ ও ছয়ের দশকের ভিন্টেজ স্টাইলকেই নিজের কানের লুকে বিশেষভাবে তুলে ধরবেন তারা।

সূত্রের খবর, অভিনেত্রীর স্টাইল টিম ইতিমধ্যেই একাধিক লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে। আন্তর্জাতিক মঞ্চে যেন তাঁর উপস্থিতি শুধুই ফ্যাশনের প্রদর্শনী না হয়ে ব্যক্তিত্ব ও শৈল্পিক ভাবনার প্রতিফলন হয়ে ওঠে, সেই দিকেই জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ছবি ‘টক্সিক’-এ তাঁর চরিত্রের কিছু আভাসও হয়তো দেখা যেতে পারে কানের রেড কার্পেটে। বলিউডের গ্ল্যামারাস মুখ হিসেবে পরিচিত তারা সুতারিয়ার কাছে এই আন্তর্জাতিক মঞ্চ নিঃসন্দেহে কেরিয়ারের বড় সুযোগ। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার পথে কান চলচ্চিত্র উৎসব তাঁর জীবনে নতুন অধ্যায় যোগ করতে চলেছে বলেই মনে করছে সিনেমহল।
