
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডের শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। মহানায়ক উত্তম কুমার-এর জন্মশতবর্ষকে স্মরণীয় করে বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’। এই বিশেষ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সুবিধা পাবেন ফোরামের সদস্যরা। নির্বাচনের সময় শিল্পীদের চিকিৎসা ও মেডিক্লেম পরিষেবা ফের চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ফোরামের কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড়সড় পদক্ষেপ নেওয়ায় খুশি শিল্পীমহল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়-সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা। শহরের বাইরে থাকায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কলে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তাঁদের হাত ধরেই টলিপাড়ার শিল্পী-কলাকুশলীদের জন্য এক শুভসূচনা হল। যে কার্ডের মাধ্যমে একগুচ্ছ বিশেষ সুবিধে পাবেন টলিউডের সদস্যরা।

জানা গিয়েছে, একটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ফোরামের হাতে আর্থিক সহায়তা অর্থ্যাৎ ৩০ হাজার টাকার চেকও তুলে দেওয়া হয়। ‘উত্তম সুবিধা কার্ড’-এর মাধ্যমে সদস্যরা ওষুধ কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তপরীক্ষার সুবিধাও মিলবে। ফোরাম সূত্রে খবর, ধাপে ধাপে সমস্ত সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে এই কার্ড। তবে কার্ড পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে বলেই আপাতত ফোরামের পরিচয়পত্র দেখিয়েও একই সুবিধা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিল্পীমহলের মতে, বর্তমান সময়ে চিকিৎসা ও ওষুধের খরচ যেভাবে বাড়ছে, তাতে এই উদ্যোগ বহু শিল্পীর জন্য স্বস্তির বার্তা হয়ে উঠবে। বিশেষ করে প্রবীণ শিল্পীরা, যাঁরা বয়সজনিত কারণে নিয়মিত কাজ করতে পারছেন না, তাঁদের জন্য এই পরিষেবা যথেষ্ট সহায়ক হবে বলেই মনে করছেন ফোরামের সদস্যরা।
WBMPAF TIES UP WITH FRANK ROSS — UTTAM SUBIDHA CARD LAUNCHED... In a major development - West Bengal Motion Picture Artists' Forum [#WBMPAF] join forces with #FrankRoss Pharmacy [Of #Emami Group] to give members and their families healthcare benefits and discounts across #Bengal. pic.twitter.com/VdfoB1QKe3
— WBBO: West Bengal Box Office (@WB_BoxOffice) May 14, 2026
