
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন জীবনে হজমের সমস্যা, পেটে গ্যাস বা অস্বস্তি এখন অনেকের কাছেই নিত্যসঙ্গী। অনিয়মিত খাদ্যাভ্যাস, ব্যস্ততা আর অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই সমস্যা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে ঘরোয়া উপায়ের দিকেই ভরসা রাখছেন অনেকে। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় উপাদান হল মেথি দানা, যার গুণাগুণ বহুদিন ধরেই পরিচিত।
সাধারণত মেথি দানা রান্নায় ফোড়ন হিসেবে বা বিভিন্ন মশলার সঙ্গে ব্যবহার করা হয়। অনেকেই আবার মেথির জল পান করেন বা সরাসরি মেথি চিবিয়ে খান, যা হজমশক্তি বাড়াতে কার্যকর বলে মনে করা হয়। তবে শুধু এইভাবেই নয়, মেথি দানা দিয়ে তৈরি সুস্বাদু আচারও হতে পারে স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এক বিকল্প।
হেলথ লাইন-এর তথ্য অনুযায়ী, মাত্র এক চামচ বা প্রায় ১০-১১ গ্রাম মেথি দানায় রয়েছে ৩ গ্রাম ফাইবার, যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়াও এতে আছে ৩ গ্রাম প্রোটিন, ৩.৭২ মিলিগ্রাম আয়রন এবং ২১.২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। মেথি ভিটামিন সি-এরও একটি চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
∆ সারা বছর সুস্থ থাকতে কীভাবে বানাবেন এই উপকারী আচার?
আচারের উপকরণ:
মেথি দানা: আধা কাপ
সরষের তেল: ২ বড় চামচ
দেগি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
হিং: আধা চা চামচ
গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ
মৌরি গুঁড়ো: ১ বড় চামচ
নুন: ৩ চা চামচ (বা স্বাদমতো)
ভিনিগার: আধা কাপ এবং অতিরিক্ত ২ চামচ
প্রথমে একটি পাত্রে সরষের তেল গরম করুন যতক্ষণ না ধোঁয়া উঠছে। তেল গরম হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন এবং মিনিটখানেক ঠান্ডা হতে দিন। এবার ওই গরম তেলেই মেথি দানা দিয়ে ১-২ মিনিট নাড়াচাড়া করুন। মনে রাখবেন, এই সময় গ্যাস যেন বন্ধ থাকে। গরম তেলের তাপেই মেথি দানা তৈরি হবে। এরপর এতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, হিং এবং মৌরি গুঁড়োসহ বাকি সব মশলা দিয়ে দিন। সবশেষে ভিনিগার মিশিয়ে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। নিয়মিত খাবারে এই আচার যুক্ত করলে আপনার হজমশক্তি যেমন উন্নত হবে, তেমনই মেথির প্রাকৃতি পুষ্টিগুণ শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে।
সব মিলিয়ে, স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধনে মেথি দানার আচার এক অনন্য সংযোজন। সহজলভ্য এই উপাদান দিয়ে তৈরি একটি সাধারণ আচারই হতে পারে সুস্থ জীবনের পথে ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ।
