kolkata

1 hour ago

Nabanna: নবান্নে গেরুয়া আবিরে উচ্ছ্বাস, পালাবদলের ছোঁয়ায় উচ্ছসিত সরকারি কর্মীরা

Jai Shree Ram Slogan at Nabanna
Jai Shree Ram Slogan at Nabanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিপুল ভোটে বাংলায় ক্ষমতা দখলের পর গেরুয়া শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। সেই উচ্ছ্বাসের রেশ এবার পৌঁছে গেল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নেও। সাধারণত সংযত পরিবেশে কাজকর্ম চললেও, ফল ঘোষণার পর সেখানে দেখা গেল এক ভিন্ন ছবি। একাধিক সরকারি কর্মীকে গেরুয়া আবির মেখে উদযাপনে শামিল হতে দেখা যায়। কোথাও কোথাও ‘জয় শ্রীরাম’ ধ্বনিও শোনা গিয়েছে, যা এই রাজনৈতিক পালাবদলের আবহকে আরও স্পষ্ট করে তুলেছে।

নবান্নে উপস্থিত কয়েকজন সরকারি কর্মীর বক্তব্য, দীর্ঘদিনের এক ধরনের চাপ ও ভয়ের পরিবেশ থেকে মুক্তি মিলেছে। তাঁদের দাবি, এতদিন কাজ করতে হলেও নানা বাধা ও অনিশ্চয়তার মধ্যে থাকতে হত। বিশেষ করে ডিএ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাঁদের মতে, পূর্বতন সরকারের আমলে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েও দায়িত্ব পালন করতে হয়েছে। কেউ কেউ আবার সরাসরি অভিযোগ তুলেছেন, প্রশাসনিক সিদ্ধান্ত বা নিয়মের বিরোধিতা করলেই বদলির মুখে পড়তে হত। এই পরিস্থিতিতে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আশাবাদী কর্মীদের একাংশ। তাঁদের ধারণা, বদলির মতো সমস্যার সমাধান হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা ডিএ সংক্রান্ত জটও কাটতে পারে। ফলে কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলেই মনে করছেন তাঁরা।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা ১৫ বছর রাজ্যের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। তবে এবারের বিধানসভা নির্বাচনে তাদের ফল অত্যন্ত হতাশাজনক। কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই তারা ভরাডুবির মুখে পড়েছে। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে একটিও আসন জিততে পারেনি প্রাক্তন শাসক দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফলের পেছনে রয়েছে একাধিক কারণ। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই একটি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। তৃণমূলের ক্ষেত্রেও সেই প্রবণতা প্রবল হয়ে উঠেছিল। পাশাপাশি নিচুতলার সংগঠনে দাদাগিরি, সিন্ডিকেট রাজ, কাটমানি এবং তোলাবাজির মতো অভিযোগ বারবার সামনে এসেছে। সেই সঙ্গে বিভিন্ন দুর্নীতির অভিযোগও মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে।

সব মিলিয়ে রাজ্যজুড়ে পরিবর্তনের যে হাওয়া তৈরি হয়েছিল, তারই প্রতিফলন দেখা গিয়েছে নির্বাচনের ফলে। নবান্নে সরকারি কর্মীদের উদযাপন সেই পরিবর্তনেরই এক প্রতীকী চিত্র বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, এই প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয় এবং প্রশাসনের কাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলে এই উচ্ছ্বাস।

You might also like!