
কলকাতা, ১৯ জুন : গত কয়েক দিন ধরে তীব্র অস্বস্তিকর ও ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে সপ্তাহান্তে মিলতে চলেছে বড় স্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কলকাতার কিছু অংশে সামান্য বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলেছিল। শুক্রবার সকালেও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ফলে গত কয়েক দিনের তুলনায় আজ মহানগরের তাপমাত্রা অনেকটাই কম এবং বাতাসে সেই অস্বস্তিকর গরম ভাবও নেই। আবহাওয়া দপ্তরের মতে, সপ্তাহান্তেও আবহাওয়ার এই মনোরম ও স্বস্তিদায়ক পরিবেশ বজায় থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় পারদ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির বদল ঘটবে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি রয়েছে। ঝড়-বৃষ্টির জেরে এই জেলাগুলিতেও তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটাই নামবে।
দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাগাতার এই বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা যেমন রয়েছে, তেমনই নিচু এলাকা প্লাবিত হওয়া এবং নদীগুলির জলস্তর বৃদ্ধির সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া শনি ও রবিবার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
