Entertainment

1 hour ago

Nora Magic: ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা ঝড়! নতুন মিউজিক ভিডিওর ঝলকেই তুমুল চর্চা

Nora Fatehi in Siir Siir
Nora Fatehi in Siir Siir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি আবারও আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তৈরি হওয়া বিশেষ মিউজিক ভিডিও ‘সির সির’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মাত্র কয়েক সেকেন্ডের এই টিজারেই নোরার প্রাণবন্ত নৃত্য ও উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। ফুটবল ও সংগীতের মেলবন্ধনে তৈরি এই ভিডিও বিশ্বকাপের আবহকে আরও রঙিন করে তুলবে বলেই মনে করছেন অনুরাগীরা।

বিশেষ এই গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার রাজিত দেব। তাঁর কথায়, মরক্কোর কাসাব্লাঙ্কায় অত্যন্ত সীমিত সময়ের মধ্যেই গোটা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন করা হয়। মাত্র ১৫ মিনিট সময় পেলেও সেই সুযোগকে সফলভাবে কাজে লাগিয়েছে পুরো টিম। নোরা নিজেও এই প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত। তাঁর মতে, “‘সির সির’ গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি যা বিশ্বমানের এবং অনন্য। এই যেমন মরক্কো থেকে আমার কানাডার শিকড়ের কথা যেমন তুলে ধরেছি, তেমনই ভারতেরও বিশাল প্রভাব রয়েছে এই গানে। কারণ ভারত তথা দক্ষিণ এশিয়ার তরফে আমি যে ভালোবাসা পেয়েছি, আজ সেকারণেই আমি এখানে। এই গানটিকে আরও অর্থবহ করে তুলেছে ভারতীয়দের উপস্থিতি। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী থেকে শুরু করে স্টাইলিং টিম— সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে গানটিকে বাস্তবায়িত করেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বিশ্বমানের ইভেন্টের জন্য এহেন মিউজিক ভিডিও তৈরি করা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার কেরিয়ার যেন পূর্ণতা পেল।”


ফিফা বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে আয়োজকদের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হয়েছে এই সংগীত প্রকল্প। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি বিনোদনপ্রেমীদেরও আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই অনুষ্ঠান। সেই মঞ্চে নোরা ফতেহির উপস্থিতি যে বাড়তি আকর্ষণ যোগ করবে, তা বলাই বাহুল্য। মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠানের পর কানাডা ও আমেরিকাতেও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টরন্টোর বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে নোরার। ফলে ফুটবল উন্মাদনার সঙ্গে তাঁর নাচ ও পারফরম্যান্সের জাদু উপভোগ করতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি আরও দৃঢ় করার পথে নোরা ফতেহির এই নতুন পদক্ষেপ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। 

You might also like!