
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের যোগদান নিয়ে। অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘আলফা’-র টিজার। আর সেই ঝলকেই স্পষ্ট, এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। বন্দুক, মারপিট আর রুদ্ধশ্বাস অভিযানে ভরপুর এই ছবিতে আলিয়া যেন এক দুর্ধর্ষ গুপ্তচর।
যশরাজ ফিল্মসের গোয়েন্দা জগত এতদিন মূলত শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশনদের কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তবে এবার সেই ধারায় নতুন সংযোজন মহিলা-কেন্দ্রিক স্পাই থ্রিলার ‘আলফা’। ছবিতে আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ ও ববি দেওল। প্রকাশিত টিজারে দেখা যায়, জন্মদিন উপলক্ষে বাবার সঙ্গে সময় কাটাচ্ছে এক তরুণী। কিন্তু সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে রয়েছে এক বিশেষ পরিচয়। বয়স ১৮ পেরোতেই বাবার কাছ থেকে পায় এক গোপন দায়িত্ব। এরপরই শুরু হয় তার গুপ্তচর জীবনের যাত্রা। একের পর এক বিপজ্জনক মিশনে শত্রুদের মোকাবিলা করতে দেখা যায় তাকে।

ছবিতে ববি দেওল অভিনয় করেছেন আলিয়ার বাবার চরিত্রে। তিনিই মেয়েকে তৈরি করেন এক দক্ষ স্পাই হিসেবে। টিজারের অ্যাকশন দৃশ্যগুলোতে আলিয়ার আত্মবিশ্বাস ও শারীরিক দক্ষতা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। বলিউডের তথাকথিত ‘চকোলেট গার্ল’ ইমেজ ছেড়ে তিনি যে এবার সম্পূর্ণ অ্যাকশন হিরোইনের ভূমিকায়, তা স্পষ্ট। এর আগে ‘হার্ট অফ স্টোন’-এ আন্তর্জাতিক মঞ্চে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গিয়েছিল আলিয়াকে। তবে ‘আলফা’য় সেই অভিজ্ঞতা আরও পরিণত ও বৃহৎ আকারে ধরা পড়বে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে শুরু করে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’— এক দশকেরও বেশি সময় ধরে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া। জাতীয় পুরস্কার থেকে আন্তর্জাতিক স্বীকৃতি— সাফল্যের ঝুলিও কম নয়। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’। টিজার দেখার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এখন শুধু অপেক্ষা, বড়পর্দায় আলিয়ার গুপ্তচর অবতারের পূর্ণাঙ্গ ঝলক দেখার।
