
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’-র প্রচারে ব্যস্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবির প্রচারের ফাঁকেই ব্যক্তিগত জীবন, প্রেম এবং সম্পর্ক নিয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরলেন তিনি। কঙ্গনার মতে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখা ‘পারফেক্ট প্রেম’-এর ছবি বাস্তব সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘একটা বিষয় আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দেখানো যেমন- হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেওয়া, আংটি, বেড়াতে যাওয়ার ছবি এই সব শেয়ার করার থেকে দূরে থাকা উচিত। বর্তমান দিনের সম্পর্কগুলোতে সমস্যা দেখা দেয়, কারণ মানুষ ক্রমাগত অনলাইনে যা দেখে তার সঙ্গে নিজের জীবনের তুলনা করে এবং ভাবে যে তাঁদের জীবনটা কেন সেরকম নয়।’ কঙ্গনা প্রথম দর্শনে প্রেম নিয়েও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘আমার গল্পটা প্রথম দর্শনে প্রেম ছিল না, সম্ভবত প্রথম দর্শনে অপছন্দের ছিল। তারপর তা প্রেমে পরিণত হয়। এই সব গতানুগতিক ধারণাগুলো অর্থহীন।’

কঙ্গনার মতে, প্রতিটি সম্পর্কই অনন্য, কারণ প্রত্যেক ব্যক্তি ভিন্ন প্রেক্ষাপট থেকে আসেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতাও ভিন্ন। তিনি বলেন, ‘প্রতিটা পরিবারই খুব ব্যক্তিগত। প্রত্যেক মা আলাদা, প্রত্যেক বাবাও আলাদা। কোনও দু’জন মানুষের বেড়ে ওঠা, কর্মজীবন বা বন্ধু এক হয় না। সম্পর্ক ব্যক্তিগত, এটা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য উপযুক্ত। ঠিক যেমন পোশাক শুধু আপনার শরীরেই ফিট হয়, তেমনি আপনার সম্পর্কগুলোও অনন্য।' কঙ্গনা সম্পর্ক বিষয়ে পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, ‘যদি আপনি সেই মানুষটিকে খুঁজে পান, তার মধ্যে শত শত ভুলত্রুটি থাকলেও যদি আপনি মনেপ্রাণে জানেন যে সে আপনার জন্যই তৈরি, তবে আপনার সঙ্গে তিনি এবং তাঁর সঙ্গে আপনি থেকে যাবেন । তাঁকে মূল্য দিন, ইনস্টাগ্রাম রিলের সঙ্গে তুলনা করবেন না। আমি অনেককে সোশ্যাল মিডিয়ার কারণে কষ্ট পেতে দেখি। তাঁরা তাঁদের জীবনে যা কিছু ভালো আছে সেদিকে না তাকিয়ে, যা নেই তার উপরই বেশি মনোযোগ দেয়।’

প্রসঙ্গত, আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে তাঁকে এক সাহসী নার্সের ভূমিকায় দেখা যাবে, যার চরিত্র অনুপ্রাণিত মুম্বই হামলার সময় অসাধারণ মানবিকতার পরিচয় দেওয়া নার্স অঞ্জলি কুলথের জীবন থেকে।
