
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন সরকার গঠনের পর থেকেই জ্বালানি সংরক্ষণে একাধিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে প্রশাসনকে। সরকারি কর্মীদের জন্য সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভিআইপি কনভয় কমানোর মতো সিদ্ধান্ত ইতিমধ্যেই নজর কেড়েছে দেশজুড়ে। এরই মাঝে বলিউড সুপারস্টার শাহরুখ খান-কে ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে জোর গুঞ্জন, শাহরুখের বিলাসবহুল গাড়ির সংগ্রহে নাকি এবার যোগ হয়েছে নতুন ‘ক্যাডিল্যাক এসক্যালেড’। যদিও অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু ভিডিও প্রকাশ্যে আসতেই কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুল-সাইজ বিলাসবহুল ‘এসইউভি’ হিসেবে পরিচিত ‘ক্যাডিল্যাক এসক্যালেড’। যেহেতু ‘ক্যাডিল্যাক’ সংস্থা ভারতে সরাসরি গাড়ি বিক্রি করে না, তাই মনে করা হচ্ছে বিদেশ থেকে ব্যক্তিগত উদ্যোগেই গাড়িটি আমদানি করেছেন কিং খান। আমদানি শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে ভারতে এই গাড়ির সম্ভাব্য দাম প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মধ্যে হতে পারে বলেই খবর। শুধু বাহ্যিক জৌলুস নয়, প্রযুক্তির দিক থেকেও অত্যাধুনিক এই ‘এসইউভি’ । গাড়িটিতে রয়েছে ৬.২ লিটারের শক্তিশালী V8 পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ৪২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি বিশাল ৩৮ ইঞ্চির কার্ভড ‘ওএলইডি’ ডিসপ্লে,ভেন্টিলেটেড ম্যাসাজ সিট, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং এমনকি বিল্ট-ইন রেফ্রিজারেটরও। ভারতে এই গাড়ি প্রায় নেই বললেই চলে। তাই শাহরুখের সংগ্রহে একটি এক্সক্লুসিভ সংযোজন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বছরের পর বছর বিশ্বের সেরা বিলাসবহুল গাড়িগুলির মালিক হিসেবে পরিচিতি গড়েছেন। তাঁর গ্যারাজে ইতিমধ্যেই রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের একাধিক প্রিমিয়াম গাড়ি। এবার সেই তালিকায় নয়া সংযোজন, ‘ক্যাডিল্যাক এসক্যালেড’!

Cadillac Escalade – Approx. ₹4-5 Crore
শাহরুখের সংগ্রহের সবচেয়ে আলোচিত গাড়িগুলির মধ্যে অন্যতম হল ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক বেইজ’ যার ভারতীয় মূল্য, প্রায় ১০ কোটির কাছাকাছি। মুম্বইয়ে তাঁর বাসভবন ‘মন্নত’-এর সামনে প্রায়ই এই গাড়ি থেকে নামতে দেখা যায় শাহরুখকে। এছাড়াও শাহরুখের গ্যারাজে রয়েছে ‘বেন্টলি কন্টিনেন্টাল জিটি’ ও ‘বিএমডব্লিউ আইআইট’। নিরাপত্তার জন্য অভিনেতার কাছে একটি বুলেটপ্রুফ ‘মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ড’ রয়েছে বলেও জানা যায়। পাশাপাশি ‘রেঞ্জ রোভার স্পোটর্স’ এখনও শাহরুখ খান ও তাঁর পরিবারের সবচেয়ে বেশি ব্যবহৃত গাড়িগুলির মধ্যে অন্যতম তা বলাই বাহুল্য। সব মিলিয়ে, নতুন এই গাড়ি ঘিরে শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। যদিও ‘ক্যাডিল্যাক এসক্যালেড’ সত্যিই তাঁর সংগ্রহে এসেছে কি না, সেই বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হতে এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
