Entertainment

1 day ago

Anushka Shankar-Arijit Singh: প্লেব্যাক থেকে সরে গেলেও সুরে অটুট অরিজিৎ, কলকাতার মঞ্চে ‘মায়া ভরা রাতি’তে আবেগের জোয়ার

Singer Arijit Singh  &   sitar maestro Anoushka Shankar
Singer Arijit Singh & sitar maestro Anoushka Shankar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার রেশ এখনও কাটেনি। ঠিক সেই আবহেই কলকাতার মঞ্চে ফের শোনা গেল অরিজিৎ সিংয়ের কণ্ঠ। আর সেই অপ্রত্যাশিত মুহূর্ত ঘিরেই আবেগে ভাসল নেটদুনিয়া। অনুষ্কা শঙ্করের কলকাতার কনসার্টে অতিথি শিল্পী হিসেবে হঠাৎই হাজির হন অরিজিৎ সিং। আগাম কোনও ঘোষণা ছিল না। মঞ্চে অনুষ্কা যখন দর্শকদের সামনে জিয়াগঞ্জের ভূমিপুত্রকে আমন্ত্রণ জানান, তখনই গ্যালারি জুড়ে শুরু হয় আকাশফাটানো চিৎকার ও হাততালি। ভিডিওতে দেখা যায়, খানিকটা ইতস্তত অরিজিৎ বলছেন, “এই মুহূর্তে আমি খুব নার্ভাস… আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।” এরপরই তৈরি হয় এক অনন্য আবেগঘন মুহূর্ত। অনুষ্কা শঙ্কর ও তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গে অরিজিৎ পরিবেশন করেন ‘মায়া ভরা রাতি’। লক্ষ্মী শঙ্করের গাওয়া এই কালজয়ী বাংলা গান, প্রয়াত সেতার-সম্রাট পণ্ডিত রবি শঙ্করের সুরে বাঁধা। সেই সুরে অরিজিতের কণ্ঠ মিশে যেন নতুন করে প্রাণ ফিরে পায় গানটি। পরিবেশন শেষ হতেই দর্শকাসনে ছড়িয়ে পড়ে আবেগের ঢেউ। 

গান শেষে অরিজিৎ আরও জানান, অনুষ্কার বাড়িতে গিয়ে দু’জনে একসঙ্গে একটি নতুন গানও কম্পোজ করেছেন। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট ইঙ্গিত— প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত থেকে তিনি কোনওভাবেই দূরে নন। এই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যমে অনুরাগীদের আবেগঘন প্রতিক্রিয়ায় ভরে ওঠে টাইমলাইন। কেউ লেখেন, “খুশি আর ভাঙা মন—দুটো একসঙ্গে।” কারও মন্তব্য, “অনেকদিন পর লাইভ অরিজিৎ।” আবার কেউ লিখেছেন, “তোমার গলা মিস করছিলাম, এখনও গায়ে কাঁটা দিচ্ছে।”


উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি ইনস্টাগ্রামে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর নতুন কোনও প্লেব্যাক কাজ নেবেন না। শ্রোতাদের উদ্দেশে লেখা সেই বার্তায় তিনি জানান, দীর্ঘদিনের ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্লেব্যাক গানের অধ্যায়ে ইতি টানছেন। পরে তিনি স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত হঠকারী নয়, বরং দীর্ঘ ভাবনাচিন্তার ফল। তবু কলকাতার মঞ্চে দাঁড়িয়ে ‘মায়া ভরা রাতি’ গেয়ে ওঠা যেন একটাই কথা মনে করিয়ে দিল— অরিজিৎ সিং হয়তো প্লেব্যাক থেকে সরে গেছেন, কিন্তু তাঁর কণ্ঠ, তাঁর গান আর শ্রোতার সঙ্গে সেই গভীর সংযোগ আজও অটুট।  

You might also like!