Entertainment

1 day ago

Prasenjit Chatterjee: পদ্মশ্রী বুম্বাদা! প্রসেনজিতের সম্মানে অকাল দীপাবলি, তারকার মেলায় ঝলমল টলিপাড়া

Prosenjit Chatterjee
Prosenjit Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ‘ইন্ডাস্ট্রি’— টলিউডে এই দুই শব্দ বহুদিন ধরেই যেন সমার্থক। সেই মানুষটির মুকুটে যখন পদ্মশ্রীর পালক জুড়ে যায়, তখন উদযাপনও যে রাজকীয় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। রবিবার রাতে প্রসেনজিতের নিজের বাসভবনেই বসেছিল সেই বিশেষ উদযাপনের আসর। ছেলে তৃষাণজিৎ (মিশুক) এবং প্রযোজক শ্রীকান্ত মোহতার উদ্যোগে তারকার বাড়িতে নেমে আসে একেবারে অকাল দীপাবলি। 

বাবার এই সম্মানে গর্বিত তৃষাণজিৎ। তাঁর পাশে ছিলেন প্রসেনজিতের দীর্ঘদিনের সহযোদ্ধা শ্রীকান্ত মোহতা। তাঁদের যৌথ উদ্যোগেই আয়োজন করা হয় এই সান্ধ্য জলসা। আমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিপাড়ার প্রায় সকলেই। পদ্মশ্রী প্রাপ্তির আনন্দে এদিন প্রসেনজিতের মুখে ছিল সেই চেনা প্রশস্ত হাসি, যা দেখে বোঝা যাচ্ছিল— এই মুহূর্ত তাঁর কাছে কতটা বিশেষ।উৎসবের আসরে ছিল টলিপাড়ার মিলনমেলা। প্রসেনজিতকে শুভেচ্ছা জানাতে হাজির হন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমান প্রজন্মের দুই সুপারস্টার তাঁদের প্রিয় ‘বুম্বাদা’কে আলিঙ্গনে ভরিয়ে দেন। কাজের ব্যস্ততার মাঝেও দেব পৌঁছান অনুষ্ঠানে, আর তৃষাণজিৎ স্বয়ং তাঁকে দরজায় অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে নজর কাড়েন কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, লাবণী সরকার-সহ বহু পরিচিত মুখ।


নতুন প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হাজির ছিলেন জীতু কামাল, রণজয় বিষ্ণু, সৌমিতৃষা কুণ্ডু, রোহন-অনন্যা, ইমন চক্রবর্তী, গৌরব-দেবলীনা সহ আরও অনেকে। পর্দার লড়াই ভুলে সবাই এদিন একত্রিত হয়েছিলেন তাঁদের অভিভাবক-সম অভিনেতার আনন্দ ভাগ করে নিতে। বুম্বাদার সঙ্গে ছবি ভাগ করে জীতু লেখেন, “যাক, যার শেষ ভালো, তার সব ভালো।” খানাপিনা, আড্ডা আর হাসি-আনন্দে ভরা এই সন্ধ্যায় টলিপাড়ার পরিবেশ ছিল পুরোপুরি উৎসবমুখর। বহু পুরনো বন্ধু থেকে শুরু করে নবাগত শিল্পী— সকলের মুখেই একটাই কথা, এই সম্মান অনেক আগেই প্রসেনজিতের প্রাপ্য ছিল।

পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছেন, এই জয় তাঁর একার নয়, এটি বাংলা সিনেমার জয়। আর সেই জয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পরিবার ও বন্ধুরা মিলেই গড়ে তুললেন এক অনন্য তারকা-উৎসব, যা টলিউডে দীর্ঘদিন মনে রাখা হবে। 

You might also like!