
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ছাব্বিশ বছর পর বাংলা সিনেমার প্রযোজনায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সেই উপলক্ষে নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র আনুষ্ঠানিক ঘোষণা করতে সম্প্রতি কলকাতায় আসেন তিনি। আর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসেই পিডব্লুডি টেন্টে বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক। পাশাপাশি ‘শুরু থেকে শুরু’ ছবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও। দীর্ঘদিনের পরিচিত দুই তারকার সাক্ষাৎ মুহূর্তেই জমে ওঠে আড্ডা, আর সেখানেই হাসির রোল ফেলে দেন অনুপম খের।
‘মহাভারত’ ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের সুবাদে হিন্দি বিনোদন জগতেও রূপা গঙ্গোপাধ্যায় অত্যন্ত পরিচিত মুখ। সেই পুরনো সম্পর্কের স্মৃতি উসকে দিয়েই অনুপম বলেন, কলকাতায় এলে রূপাই তাঁর অন্যতম প্রিয় মানুষ ও প্রিয় অভিনেত্রী। পাশাপাশি বিধায়ক হিসেবে রূপার নতুন রাজনৈতিক দায়িত্বের জন্যও শুভেচ্ছা জানান তিনি। অনুপম খের জানান, “কলকাতায় উনি আমার প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী। আমি খুব খুশি যে রূপাজি বিধায়ক হয়েছেন। তবে এবার আমি বাংলা ছবি প্রযোজনা করতে শুরু করেছি। ওঁকে দু’বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে।” অভিনেতার এই মন্তব্যে উপস্থিত অতিথিদের মুখে হাসি ফোটে।

এরপরই মঞ্চে আরও এক মজার মুহূর্ত তৈরি হয়। অনুপম খের হেসে বলেন, “সকালবেলা আপনাকে মেসেজ করেছি, কিন্তু উত্তর পাইনি। ফোনও করলাম, আপনি ফোনও ধরেননি!” আচমকা এমন অভিযোগ শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন রূপা। তিনি অবাক হয়ে জানতে চান, ঠিক কখন ফোন করেছিলেন অনুপম? সঙ্গে সঙ্গে নিজের মোবাইল ফোন দেখিয়ে অনুপম প্রমাণও দেন। আর তাতেই লজ্জায় হেসে কান ধরতে দেখা যায় রূপা গঙ্গোপাধ্যায়কে। উপস্থিত সকলেই এই খুনসুটির মুহূর্ত উপভোগ করেন।
অন্যদিকে, দীর্ঘদিন পর মুম্বইয়ের প্রযোজকদের বাংলা ছবিতে বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, বাংলা সিনেমার জন্য এটি ইতিবাচক বার্তা এবং ভবিষ্যতে এই উদ্যোগ শিল্পকে আরও সমৃদ্ধ করবে। নতুন এই যাত্রার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেই আশাবাদী দুই তারকাই।
