Entertainment

1 hour ago

Alka Emotional Moment: দুই বছরের নীরবতার পর পদ্মভূষণ মঞ্চে অলকা ইয়াগনিক, আবেগঘন মুহূর্তে আপ্লুত অনুরাগীরা

Alka Yagnik receiving the Padma Bhushan honour from President Murmu
Alka Yagnik receiving the Padma Bhushan honour from President Murmu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একসময় তাঁর কণ্ঠস্বর ছাড়া বলিউডের সঙ্গীতজগৎ যেন অসম্পূর্ণ ছিল। অসংখ্য জনপ্রিয় গানে নিজের সুরের জাদু ছড়িয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। তবে গত দু’বছর ধরে জনজীবন এবং সঙ্গীতের মঞ্চ থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। সম্প্রতি পদ্মভূষণ সম্মান গ্রহণের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে শিল্পীকে। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের অন্যতম সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন অলকা। মঞ্চে ওঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। তবে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে আবেগের সঞ্চার হয়। কারণ, মঞ্চে ওঠার সময় একজন মহিলার সহায়তা নিতে দেখা যায় গায়িকাকে। 


২০২৪ সালে অলকা ইয়াগনিক নিজেই জানিয়েছিলেন যে তিনি ‘সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস’ নামের এক বিরল শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত। এই রোগের কারণে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে তাঁর সঙ্গীতজীবনেও। সেই সময় থেকেই গান এবং জনসমক্ষে উপস্থিতি অনেকটাই কমিয়ে দেন তিনি। পদ্মভূষণ প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তাও ভাগ করে নেন অলকা। সেখানে তিনি জানান,  ‘গত দু’বছর ধরে আমি প্রচারের আলো ও জনসমক্ষের দূরবর্তী ছিলাম। আমার জীবনের এই যাত্রাপথের কথা খুব একটা প্রকাশ্যে আনিনি। আপনারা অনেকেই জানেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই পুরো সময়টাতে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অটুট সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিল।’ পদ্ম সম্মান গ্রহণের এই মুহূর্তটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ কেন অলকা। তিনি জানিয়েছেন, ‘আজ আমি কেবল একটি পুরস্কারই গ্রহণ করিনি। বরং অনুভব করেছি সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, যাঁরা আমার এই যাত্রাপথের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।’ পদ্মভূষণের মঞ্চে অলকা ইয়াগনিকের এই প্রত্যাবর্তন যেমন অনুরাগীদের আবেগপ্রবণ করেছে, তেমনই তাঁর লড়াই এবং মানসিক দৃঢ়তার গল্পও নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে সকলকে। 

You might also like!