Country

2 hours ago

Ritabrata Banerjee: ‘আসল তৃণমূল’-এর বড় পদক্ষেপ, দলীয় নিয়ন্ত্রণের দাবিতে কমিশনের দ্বারস্থ অরূপ-ঋতব্রত শিবির

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার লড়াই আরও জোরদার করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তাঁদের গঠিত কমিটির সদস্য ও পাঁচ বিধায়ক বিশেষ অধিবেশনের নথিপত্র জমা দেন। ঋতব্রতপন্থীদের দাবি, দলীয় সংবিধান মেনেই বিশেষ অধিবেশন ডেকে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সেই অধিবেশনে অরূপ রায়কে দলের চেয়ারপার্সন হিসেবে মনোনীত করা হয়। পাশাপাশি ৩০ সদস্যের একটি নতুন জাতীয় কর্মসমিতিও গঠন করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। শিবিরের নেতাদের বক্তব্য, সাংগঠনিক পুনর্গঠনের সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এবং সেই কারণেই প্রয়োজনীয় নথি নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। দলের নেতৃত্ব ও সাংগঠনিক বৈধতা নিয়ে চলা টানাপোড়েনের আবহে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সোমবার পাঁচতারা হোটেলে যে বিশেষ অধিবেশন হয়েছে, সেই অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছেন। সেই সঙ্গে কমিশনকে জানিয়ে এসেছেন, দলের নতুন চেয়ারপার্সন হচ্ছেন অরূপ রায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত। নতুন করে ৩০ সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে। ঋতব্রত ছাড়াও ওই প্রতিনিধি দলে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান ছিলেন। বৈঠক শেষ ঋতব্রতর বক্তব্য, “জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই। আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরাই আসল তৃণমূল।” বিরোধী দলনেতার সাফ কথা, “আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব। আসল তৃণমূল তো আমরাই।” বলে রাখা দরকার মঙ্গলবার ঋতব্রতদের শক্তি আরও বেড়েছে। বিধানসভায় ঋতব্রতদের ঘরে এসে দেখা করেন সদ্য কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখানেই শেষ নয়, বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে খবর।

মঙ্গলবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল দেখা করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ছয় বিধায়কের একটি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে দলের প্রতীক দাবি করবেন। যদিও কালীঘাট তৃণমূল ঋতব্রতদের ওই পুরো বৈঠককে অবৈধ বলেই দাবি করছে। মমতাই যে দলের চেয়ারপার্সন-সেটা জানিয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়েছেন তাঁরা।

You might also like!