kolkata

1 hour ago

PM Surya Ghar Yojana: বিদ্যুৎ বিল শূন্যের পথে! ৭৮ হাজার টাকা পর্যন্ত সুবিধা, কীভাবে আবেদন করবেন সূর্যঘর যোজনায়?

PM Surya Ghar Yojana
PM Surya Ghar Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বঙ্গে বর্ষা ঢুকলেও তাপমাত্রার তেজ থেকে এখনই স্বস্তি মিলছে না সাধারণ মানুষের। গরম থেকে বাঁচতে ভরসা হয়ে উঠেছে এসি ও কুলার, তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিলও। এই পরিস্থিতিতে স্বস্তি দিতে পারে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা’ (PM Surya Ghar Yojana)। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারে গৃহস্থালির বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বলে দাবি করা হচ্ছিল। তবে রাজ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতির পর এবার এই প্রকল্পের সুবিধা বাংলার মানুষের কাছেও পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন উঠছে, কীভাবে এই যোজনায় আবেদন করা যাবে এবং সাধারণ মানুষ ঠিক কী কী সুবিধা পাবেন—তা নিয়েই বাড়ছে আগ্রহ। 

একনজরে প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা-   ২০২৪ সালে এই প্রকল্পের সূচনা হলেও, এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই যোজনার মূল উদ্দেশ্য হল, বিদ্যুৎ বিলের বোঝা থেকে মধ্যবিত্ত পরিবারগুলিকে মুক্তি দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির যে কোনও জায়গায় সোলার প্যানেল বসিয়ে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে। তাও প্রতি মাসে। শুধু তাই নয়, সোনার প্যানেল বসানোর জন্যেও মিলবে সরকারি ভর্তুকি। এদিন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ”প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না, তাঁরা ‘প্রধানমন্ত্রী সূর্য ঘরে’র সুবিধা নিন।”

কত টাকা মিলবে ভর্তুকি?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ১ কিলোওয়াটের জন্য মিলবে ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য মিলবে ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য মিলবে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। সরাসরি ভর্তুকির টাকা রাজ্য সরকারের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এই প্রকল্পের সুবিধা নিতে অনলাইন এবং অফলাইনে সরাসরি আবেদন করা যাবে।

কীভাবে আবেদন- এই প্রকল্পের সুবিধা নিতে অনলাইনে আবেদন করা যেতে পারে। এজন্য প্রধানমন্ত্রী সূর্যঘরের- অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন জানানো যাবে। প্রথমে যেতে হবে – pmsuryaghar.gov.in – এই ওয়েবসাইটে। Consumer অপশনে গিয়ে ‘Apply Now’- করতে হবে। দিতে হবে মোবাইল নম্বর। সেই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এরপরেই খুলে যাবে একটি পেজ। সেখানে নিজের নাম, ঠিকানা, জেলা-সহ আরও বেশ কিছু তথ্য দিয়ে আবেদন করতে হবে। নিজে কিংবা ভেন্ডারের সাহায্যে সূর্যঘর বিদ্যুৎ যোজনার জন্য আবেদন করা যাবে।

এছাড়াও রাজ্যজুড়ে শুরু হওয়া ‘জনকল্যাণ শিবিরে’ গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। 

You might also like!