kolkata

1 hour ago

RG Kar Case: আর জি কর মামলায় নতুন তৎপরতা, হাসপাতালে সিবিআই সিট, নজরে একাধিক কর্তাব্যক্তি

R G Kar Medical College
R G Kar Medical College

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের আলোচনায় উঠে এসেছে বহুচর্চিত ‘আর জি কর’ মামলা। ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন করে সক্রিয় হয়েছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের পর সোমবার তদন্তের কাজে ফের আর জি কর হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, ছয় সদস্যের একটি দল হাসপাতালে গিয়ে মামলার তদন্তের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করে এবং ঘটনাস্থলও পরিদর্শন করে। পাশাপাশি হাসপাতালের সুপার  সপ্তর্ষি চট্টোপাধ্যায়-এর সঙ্গে বৈঠক করেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে হাসপাতালের একাধিক আধিকারিকের সঙ্গে কথাবার্তাও বলা হয়েছে। এমনকি কয়েকজনকে এদিনই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও তদন্তকারী সূত্রে ইঙ্গিত মিলেছে। 

গত ২০২৪ সালের ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। 

তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা-মায়েরা। তাঁদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে। যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

এরমধ্যেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল, সেই ঘটনাক্রম নির্দিষ্ট করে খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তদন্তের জন্য মামলার প্রয়োজনীয় সবদিক সিবিআই খতিয়ে দেখতে পারবে বলেও জানানো হয়। এরপরেই এদিন আর জি কর হাসপাতালে পৌঁছে গেলেন সিটের আধিকারিকরা। নতুন করে মামলার তদন্ত কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। 

You might also like!