
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের কাছে বিশেষ উৎসব। প্রতি বছর ২ নভেম্বর কিং খানের জন্মদিনে মুম্বইয়ের মন্নতের বাইরে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। তবে এবছর মন্নতে সংস্কার ও সম্প্রসারণের কাজ চলায় খান পরিবার আপাতত পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রয়েছে। ফলে জন্মদিনে মন্নতের ছাদে দাঁড়িয়ে শাহরুখের সেই চেনা ভঙ্গিতে ভক্তদের অভিবাদন জানানোর সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু অনুরাগীদের নিরাশ করেননি বলিউডের বাদশা। মন্নতে না হলেও অন্য জায়গায় তাঁদের সঙ্গে দেখা করে ভালোবাসার জবাব দিয়েছেন তিনি। সোমবার ভোররাতে মুম্বইয়ের একটি বিলাসবহুল রেস্তরাঁর বাইরে জড়ো হওয়া অনুরাগীদের উদ্দেশে করজোড়ে শুভেচ্ছা জানান শাহরুখ। পাশাপাশি উড়ন্ত চুমু ছুড়ে বুঝিয়ে দেন, দূরত্ব যাই থাকুক, ভক্তদের প্রতি তাঁর ভালোবাসা অটুট।
প্রসঙ্গত, পরিবারের সঙ্গে মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন শাহরুখ। তাজ হোটেলে প্রায় ভোররাত পর্যন্ত পার্টি চলে বলেই খবর। হোটেলের বাইরে কিং খানের বিলাসবহুল গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখেই সেখানে ভিড় জমান ভক্তরা। এক্স হ্যান্ডলে ভক্তদের সঙ্গে শাহরুখের ভাব বিনিময়ের বেশ কিছু মুহূর্ত ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার আগে অনুরাগীদের দিকে হাত নাড়ছেন। তারপরই বার্থডে বয় শাহরুখের উড়ন্ত চুমুতে তৃপ্ত হয় ভক্তহৃদয়। এদিন ক্যাজুয়েল লুকেই জন্মদিন পার্টিতে এসেছিলেন শাহরুখ। তাঁকে শুভেচ্ছা জানাতে নাকি এসেছিলেন সলমনও! শাহরুখের জন্মদিন উপলক্ষে ‘মন্নত’-এও দেখা গিয়েছে বিশেষ বার্তা। বাড়ির বাইরে লাগানো একটি বিলবোর্ডে অনুরাগীদের উদ্দেশে শাহরুখের স্বাক্ষর করা হাতে লেখা মেসেজ, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা।’ শেষ পর্যায়ে শাহরুখের সংযোজন, ‘অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন’।
জন্মদিনে প্রিয় তারকার এমন ভালোবাসার বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এবার আসা যাক বুর্জ খলিফার উদযাপনে। শাহরুখ খানের জন্মদিনের উদযাপন এবার আরও জমকালো! আলোয় ঝলমল করে উঠল দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের উচ্চতম এই ভবনে শাহরুখ খানের বিশালাকার ছবি। সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভেসে উঠল ‘উই লাভ ইউ এসআরকে।’ যার বাংলা তর্জমা করলে হয়, আমরা তোমাকে ভালোবাসি এসআরকে। শুধু বুর্জ খলিফাই নয়, এই উদযাপনে সামিল হয় দুবাইয়ের বিখ্যাত দুবাই ফাউন্টেনও। শাহরুখের জনপ্রিয় ছবির গান বাজিয়ে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। ‘ওম শান্তি ওম’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর মতো সিনেমার গানে জমজমাট দুবাইয়ে শাহরুখের জন্মদিন সেলিব্রেশন। অন্যদিকে, শাহরুখকে সম্মান জানাতে আলোয় সাজিয়ে তোলা হয় মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।
And finally the birthday boy himself, a little wave, and a whole lot of happiness ❤️ Happy birthday KING KHAN! 👑 #HappyBirthdaySRK #King #ShahRukhKhan https://t.co/enF2qZ7wKb
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) November 2, 2026
