
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও প্রীতি জিন্টা। প্রতি বছরের মতো এবারও মার্কিন মুলুকে স্বামীদের সঙ্গে করবা চৌথের উৎসবে মেতে উঠেছিলেন তাঁরা। মেঘলা আকাশের কারণে চাঁদের দেখা পেতে বেশ বেগ পেতে হলেও উপবাস ও পুজোর রীতিতে কোনও খামতি রাখেননি দুই অভিনেত্রী। অন্যদিকে, বিশেষ পরিস্থিতিতেও ঐতিহ্য মেনে করবা চৌথ পালন করলেন পরিণীতি চোপড়া। স্বামী রাঘব চাড্ডার সঙ্গে বিমানে সফর করার সময় প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় এই উৎসব উদযাপন করেন তিনি। বিমানের মধ্যেই স্বামীর হাতে জল ও মিষ্টি খেয়ে উপবাস ভাঙেন পরিণীতি।
দূরত্ব কিংবা পরিস্থিতি কোনও কিছুই ঐতিহ্য ও ভালোবাসার পথে বাধা হতে পারে না, সেটাই যেন প্রমাণ করলেন তারকা দম্পতি। ইনস্টা হ্যান্ডলে বিমানের মধ্যে করবা চৌথ পালনের সেই বিশেষ মুহূর্ত ভাগ করেছেন পরিণীতি। বিমানের ভিতরে বসেই চাঁদের খোঁজে আকাশপানে তাকিয়ে রাঘব-পরিণীতি। চাঁদমামার দেখা পেতেই আনন্দে নেচে ওঠে মন! রাঘবের হাতে জল ও খাবার খেয়ে উপবাস ভাঙেন ‘ইশকজাদে’ নায়িকা। ভিডিওটি শেয়ার করে পরিণীতি লেখেন, ‘আমরা যেখানে থাকি সেখানেই করওয়া চৌথ। এমনকী সেটা যদি ৩৫ হাজার ফুট উচ্চতাতেও হয়!’
রাঘবের উদ্দেশে পরিণীতি লেখেন, ‘তুমি আমার সব স্বপ্ন সত্যি কর। তুমি সেরা মানুষ, সেরা স্বামী, সেরা বয়।’ বিমানে করবা চৌথ কেন পালন করতে হল সেলেব দম্পতিকে? সেই কারণ ব্যাখ্যা করে পরিণীতি জানান, ‘ফ্লাইট দেরি হওয়ার কারণে বাড়ির বদলে বিমান থেকেই আমাদের চাঁদ দেখা হল! তাই ঠিক করলাম, সেখানেই পুজো সেরে নেব।’ এদিন সিঁথিতে সিঁদুর আর ট্র্যাডিশনাল পোশাকে উৎসবের আমেজে ধরা দিয়েছেন পরিণীতি। পরিণীতির এই ভিডিও দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার করবা চৌথ পালনের অভিজ্ঞতা।
২০২৫ সালে ‘দ্য কপিল শর্মা শো’-এ এসে প্রিয়াঙ্কা বলেছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা যাচ্ছিল না। তখন উপবাস ভাঙানোর জন্য় নিক জোনাস বিমানে করে মেঘের উপরে নিয়ে গিয়েছিলেন। নিকের অনুষ্ঠান চলাকালীন তাঁরা চাঁদ দেখার চেষ্টা করছিলেন। সেখানে প্রায় ষাট থেকে সত্তর হাজার দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু বৃষ্টি ও মেঘের কারণে চাঁদ দেখা যাচ্ছিল না। রাত এগারোটার সময়ও চাঁদের দেখা মেলেনি। অগত্যা নিক তাঁকে বিমানে করে মেঘের উপরে নিয়ে যান। সেখান থেকেই চাঁদ দেখে উপবাস ভেঙেছিলেন নিকঘরনি।
