Congress Campaign Controversy: দিল্লির জনসভা ঘিরে কংগ্রেসের বিজ্ঞাপনে গুটখা বিতর্ক, সমালোচনার মুখে যুব কংগ্রেস

Two controversial videos from the Congress
Two controversial videos from the Congress

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ বিতর্কের পর অবশেষে দিল্লির রামলীলা ময়দানে জনসভা করার অনুমতি পেয়েছে কংগ্রেস। সভায় বিপুল জনসমাগম নিশ্চিত করতে ইতিমধ্যেই দেশজুড়ে প্রচার শুরু করেছে দল। সেই উদ্দেশ্যে তৈরি একটি বিজ্ঞাপন ঘিরেই এবার নতুন করে বিতর্কের সূত্রপাত। অভিযোগ উঠেছে, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে পরোক্ষে গুটখার মতো নেশাজাতীয় পণ্যের প্রচার করছে কংগ্রেস। যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বিতর্ক। 

আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটকে নিয়ে বিরাট সমাবেশ করতে চলেছে কংগ্রেস। তার আগে এই রাজনৈতিক কর্মসূচির প্রচারে এক ভিডিও প্রকাশ করেছে যুব কংগ্রেস। যেখানে দেখা যাচ্ছে, একটি রঙের দোকানের পাশে সাদা দেওয়ালে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছবি-সহ বিজেপির ‘চাঁদনি চক অভিযানে’র পোস্টার সাঁটানো রয়েছে। সঙ্গে লেখা, এখানে থুতু ফেলা নিষেধ। এরপরই দেখা যাচ্ছে, এক বাইক আরোহী সেই পোস্টারে গুটখা খেয়ে থুতু ফেলছেন। যতবার সাদা রং করা হচ্ছে ততবার ঘটছে একই ঘটনা। দোকানি বিজেপির সেই পোস্টার মুছে রাহুল গান্ধীর ছবি-সহ দিল্লির রামলীলা ময়দানের কর্মসূচির পোস্টার আঁকার পর বন্ধ হয়, গুটখা সেবনকারীদের সেই কুকীর্তি। 

কংগ্রেসের এই পোস্টার সামনে আসার পরই শুরু হয় বিতর্ক। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু বিজেপি সভাপতির মুখে থুতু দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি অভিযোগ করা হয়, এই বিজ্ঞাপনে কংগ্রেস আসলে গুটখা সেবনকারীদের উৎসাহ যুগিয়েছে। যা একটি রাজনৈতিক দলের জন্য দায়িত্বজ্ঞানহীন আচরণের পরিচয়। বিতর্ক শুধু এখানেই নয়, কংগ্রেসের আরও একটি বিজ্ঞাপনে মহিলাদের উত্যক্ত করা ‘রোড সাইড রোমিও’দের উৎসাহ যোগানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সেই ভিডিও ঘিরেও বিতর্ক চরম আকার নিয়েছিল। কংগ্রেসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে কড়া সুরে বিজেপি জানায়, ‘দেশের মহিলারা রাজনৈতিক খেলার সামগ্রী নয়।’ 

বিজেপি নেতা বিষ্ণু বর্ধন এক্স হ্যান্ডেলে কংগ্রেসের বিজ্ঞাপনের পালটা তোপ দেগে লেখেন, ‘এই প্রচারের মাধ্যমে যুব কংগ্রেস মহিলাদের উদ্দেশে কী বার্তা দিচ্ছে? আপনাদের দল মহিলাদের মর্যাদার কথা বলে, অথচ যুব কংগ্রেস মহিলাদের হয়রানি, পিছু ধাওয়া করার মতো বিষয়টিকে স্বাভাবিক ঘটনা বলে দেখিয়ে প্রচার চালাচ্ছে। আপনারা কেন এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন নন? কেন কোনও পদক্ষেপ করছেন না?’ বিতর্ক চরমে উঠলে যুব কংগ্রেসের তরফে মুছে দেওয়া হয় ভিডিওটি। এবার গুটখা সেবনকারীদের উৎসাহ দেওয়ার অভিযোগে বিতর্কের মুখে হাত শিবির। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…