
কলকাতা, ২৫ অক্টোবর : স্পেনের রাজপরিবারের কাছ থেকে সম্মানজনক পুরস্কার 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণের পর যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু আনন্দের রেশ নিয়ে খেলতে নেমেও দলকে জেতাতে পারেননি ইন্টার মায়ামি অধিনায়ক। রবিবার নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছে তার দল।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য বেঞ্চে ছিলেন মেসি। প্রথমার্ধের সপ্তম মিনিটেই ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। বিরতির পর ৫৫ মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। কিন্তু ম্যাচের চিত্র বদলাতে পারেননি মেসি। যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে জয় নিশ্চিত করে রেড বুলস।
এমএলএসের চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। ২৫ গোল নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা তিনি। পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষেও আছেন মায়ামি অধিনায়ক। তবে এদিন গোল বা অ্যাসিস্ট—কোনোটাই করতে পারেননি তিনি। রেড বুলসের বিপক্ষে আগের চার ম্যাচে তিন জয় ও একটি ড্র ছিল মায়ামির। সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে এবার হার নিয়ে মাঠ ছাড়তে হল মায়ামিকে।
