
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এবারও জন্মদিনে মেগাস্টার অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি ‘জলসা’র বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন বিগ বি। তবে সেই ভিড়ের মধ্যেই এক মহিলা অনুরাগীকে এড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। অমিতাভের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন বহু অনুরাগী। বিভিন্ন মহল থেকেও কটাক্ষের মুখে পড়তে হয় বলিউডের এই মহাতারকাকে। এমনকি এই ঘটনার জেরে অমিতাভকে নিয়ে আর লেখালেখি না করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ ধরনের হুমকিতে তিনি যে বিশেষ বিচলিত নন, তা স্পষ্ট।
নিজের অবস্থান স্পষ্ট করে রহস্যময় পোস্টে অমিতাভের পালটা হুঁশিয়ারি, তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দিলেও কোনও সমস্যা নেই। কারণ তাঁর নিজের সংবাদপত্র এখন তাঁর ব্লগেই চলে। একইসঙ্গে জানিয়েছেন, দূরত্ব বাড়লেও অনুরাগীদের প্রতি তাঁর ভালোবাসা, স্নেহ ও সম্মান একটুও কমেনি। ‘দাবাং’ মেজাজে অমিতাভের চ্য়ালেঞ্জ, ‘তোমরা একটা করবে, আমরা ১০০টা করব!’ বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, ‘ভেবেছিলাম, দিন তো বদলে গিয়েছে। ২৮ তারিখ পেরিয়ে এখন ২৯। সকালবেলা ল্যাপটপের সামনে বসে আছি। তাই আজকের দিনের কথা লিখে ফেলি, যাতে রাতে লেখার সময় তারিখ বা নম্বর নিয়ে কোনও ভুল না হয়।’

যাঁরা লেখা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁদের উদ্দেশে বিগ বির খোঁচা, ‘যখন ভক্তরা আমাকে ঘিরে থাকেন সেটা আমার কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্তে পরিণত হয়। কিন্তু, গত রবিবার আমি আমার অনুরাগীদের মন ভেঙেছি। দূরত্ব তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের প্রতি আমার স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা একটুও কমেনি, আর কোনও দিন কমবেও না।’ হুমকির যোগ্য জবাব দিয়ে মেগাস্টার আরও লিখেছেন, ‘কেউ ছোট, কেউ বড়, আবার কেউ বেশি ঘুমোতে ভালোবাসে! এবার দেখা যাক, এই বিষয়টি নিয়ে কীভাবে শিরোনাম তৈরি করা হয়! আমাকে ভয় দেখিও না বন্ধু। তোমরা যদি আমাকে নিয়ে লেখা বন্ধ করে দাও, তাতে কোনও সমস্যা নেই। আমার সংবাদপত্র এখন ব্লগেই চলে। তোমরা একটা করবে, আমরা ১০০টা করব!’
ব্লগের প্রায় শেষের দিকে মজার ছলে কড়া বার্তা, ‘যাও। নিয়ে এসো তোমার হাতি, ঘোড়া। আমিও নিয়ে আসছি! হাত ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কী! আনন্দে মতে থাকুন।’ অমিতাভের এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। কাদের উদ্দেশে এই বার্তা, তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেতা। তবে বিগ বির লেখায় আত্মবিশ্বাস, রসিকতা এবং অনুরাগীদের প্রতি ভালোবাসার বর্হিপ্রকাশ স্পষ্ট।
