
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত ইমপিচমেন্ট ঘিরে যাবতীয় প্রস্তুতি প্রায় সেরে ফেলেছিল বিরোধী শিবির। এমনকি কর্মসূচির পরিকল্পনা ও তার রূপরেখাও চূড়ান্ত করা হয়েছিল বলে দাবি। তবে শেষ মুহূর্তে আবহাওয়ার বাধায় পিছিয়ে গেল বিরোধীদের কর্মসূচি। বৃষ্টির পূর্বাভাসের জেরে শুক্রবারের প্রস্তাবিত ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডি জোট। অন্তত কংগ্রেস শিবিরের দাবি এমনটাই। তবে এই কর্মসূচি পিছিয়ে যাওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
প্রাথমিকভাবে শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘নকল সংসদ’ বসানোর পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জন মহাভিযোগ’। যাতে কোনওভাবেই সংসদ ভবনের অবমাননার অভিযোগে বিদ্ধ না হতে হয়, সেজন্য নাম বদল করা হয়। প্রাথমিকভাবে ঠিক করা হয়, ওই ‘জন মহাভিযোগে’ স্পিকারের ভূমিকায় থাকবেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইমপিচমেন্ট প্রস্তাব দেবে। তাতে একে একে বক্তব্য রাখবেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। SIR-এ বাদ পড়া ভোটারদের মধ্যে কয়েকজনকেও সেখানে বলার সুযোগ দেওয়া হবে। ভাষণ শেষ করবেন রাহুল গান্ধী।
কিন্তু সেসব পরিকল্পনাই ভেস্তে গেল। শুক্রবার সকাল থেকে দিল্লিতে অঝোরে বৃষ্টি হচ্ছে। যার জেরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জল জমে গিয়েছে। কংগ্রেস সূত্রের খবর, ওই জল জমার জন্য খাড়গের বাড়িতে কোনওরকম আয়োজন সম্ভব নয়। সেজন্যই পিছিয়ে দেওয়া হচ্ছে ওই প্রস্তাবিত জনতার ইমপিচমেন্ট। যদিও পুরোপুরি ওই পরিকল্পনা বাতিল করা হচ্ছে না। ইন্ডি জোটের রামলীলা ময়দানের মেগা জনসভার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার ফের ওই জনতার ইমপিচমেন্টের আয়োজন করা হবে। যদিও স্রেফ জল জমাটাই ওই পরিকল্পনা বাতিল হওয়ার কারণ নাকি এর নেপথ্যে কোনও কারণ আছে, সেটা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল। ইন্ডি জোটের অনেক নেতাই এখনও দিল্লিতে পৌঁছাননি। অনেকেই হয়তো শনিবার পৌঁছবেন। সেকারণেই বৈঠক পিছিয়ে দেওয়া হল না তো?
