
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে অনুষ্ঠানে গান গাইতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন গায়িকা শিল্পা রাও। ‘বলিউড মিউজ়িক প্রজেক্ট’-এর দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করতে উঠে মাঝপথেই থামতে হয় তাঁকে। অভিযোগ, ২৪ অক্টোবর নির্ধারিত সময়ের তুলনায় অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় তাঁর গানের মাঝেই বাধা দেওয়া হয়। এমন ঘটনায় হতাশা প্রকাশ করে সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন শিল্পা। ঠিক কী ঘটেছিল ওই অনুষ্ঠানে? কেনই বা মাঝপথে থামিয়ে দেওয়া হল তাঁর পারফরম্যান্স? তা নিয়েই শুরু হয়েছে আলোচনা।
অভিযোগ, গান চলাকালীনই বন্ধ করে দেওয়া হয় শিল্পার মাইক্রোফোন এবং বৈদ্যুতিন অডিয়োর সব সরঞ্জাম। এমনকি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার সময়ও বাধা পান গায়িকা। শিল্পা যখন শেষবারের মতো দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন, তখনই অপর শিল্পী, কুটলে খান তাঁর অনুষ্ঠান শুরু করে দেন বলে অভিযোগ। ফলে বক্তব্য অসমাপ্ত রেখেই মঞ্চ ছাড়তে হয় শিল্পাকে। এই ঘটনার পর সমাজমাধ্যমে নিজের হতাশার কথা জানান গায়িকা। পাশাপাশি মুম্বইয়ের দর্শকদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান তিনি। লেখেন, “মুম্বই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত এ ভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হল, এটা ভীষণ কষ্টের।” এর পরেই দর্শকদের উদ্দেশে তিনি লেখেন, “কিন্তু গান থেমে গেলেও তোমরা থামোনি। তোমরা যে ভাবে বারবার আমার নাম ধরে ডাকছিলে, তোমাদের কথায় যে ভালবাসা ছিল… আজ রাতের আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। কথা দিচ্ছি, আমি আবার ফিরব।”

এই ঘটনার পরেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং শিল্পার অনুরাগীরা। আয়োজকদের অব্যবস্থা ও একজন প্রতিষ্ঠিত শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে সরব হন তাঁরা। অনেকের দাবি, অনুষ্ঠান প্রায় ৪৫ মিনিট দেরিতে চলছিল। সেই কারণেই একের পর এক শিল্পীর পারফরম্যান্সের সময় কমিয়ে দেওয়া হয়। দ্রুত বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘জাস্টিস ফর শিল্পা রাও’ লেখা হ্যাশট্যাগ। এক অনুরাগী লেখেন, “কী জঘন্য ব্যবস্থাপনা! কুটলে খান ও আয়োজকেরা মিলে শিল্পার অনুষ্ঠান আচমকাই বন্ধ করে দিলেন। পারফরম্যান্স চলাকালীন তাঁর মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হল। ভয়ানক আয়োজন! কোনও শিল্পীর সঙ্গেই যেন এমনটা না ঘটে।” ইনস্টাগ্রামেও একই সুরে সরব হয়েছেন অনেকে। কেউ এই আচরণকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন, কেউ আবার অনুষ্ঠানের সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঘটনার পর ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে আয়োজক সংস্থা। তাদের দাবি, স্থানীয় কর্তৃপক্ষের কার্ফু জারির কারণে আগের অনুষ্ঠানগুলির সময় বেড়ে যায় এবং সে জন্য শিল্পার অনুষ্ঠান অসমাপ্ত রেখেই শেষ করতে হয়। তবে এই পরিস্থিতি সামলানোর পদ্ধতি নিয়ে দুঃখপ্রকাশ করেছে তারা।
Sound check at BMP done … let’s do #Barbaad 🤘. #shilparao #shilparaolive https://t.co/jkBF5W0t3V
— Shilpa Rao (@shilparao11) October 24, 2026
