Festive Sweet Safety: দীপাবলি ও কালীপুজোয় মিষ্টি কেনার আগে সাবধান! রইল রুপোলি তবকের আসল-নকল চেনার কৌশল

Diwali  silver foil sweets adulteration
Diwali silver foil sweets adulteration

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলি, কালীপুজো ও ভাইফোঁটার মরশুমে মিষ্টির পাতে কাজুর বরফি, সন্দেশের মতো নানা পদে শোভা পায় রুপোলি তবক। তবে মিষ্টির সৌন্দর্য বাড়ানো এই চকচকে আবরণের আড়ালেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে আসল রূপোর বদলে অ্যালুমিনিয়াম, নিকেল, সিসা বা ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতু ব্যবহার করা হতে পারে। শরীরে এসব ধাতু জমা হলে গুরুতর স্বাস্থ্যসমস্যার আশঙ্কা তৈরি হয়। তাই উৎসবের মরশুমে মিষ্টি কেনার সময় সতর্ক থাকা জরুরি। আসল রুপোলি তবক চিনতে এবং ভেজাল এড়াতে কয়েকটি বিষয় জেনে রাখা দরকার।

∆ সিলভার পেপার কি গুঁড়ো হয়ে যাচ্ছে?

মিষ্টির গায়ে লাগানো তবক আসল না নকল, তা বুঝতে আঙুলের সাহায্য নিতে পারেন। মিষ্টির উপর লাগানো সিলভার পেপারে হালকা করে আঙুল বুলিয়ে দেখুন। যদি সেটি খাঁটি রুপো হয়, তবে তা গুঁড়ো হয়ে আঙুলে আটকে যাবে। অন্যদিকে, যদি সেটি অ্যালুমিনিয়ামের তৈরি হয়, তবে তা ভাঙবে না এবং হাতেও লাগবে না।

∆ আগুনে পুড়িয়ে পরীক্ষা করুন:

তবক আসল কি না পরীক্ষা করার আরও একটি সহজ উপায় হল আগুন পরীক্ষা। মিষ্টি থেকে সামান্য রাংতা বা তবক তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেখতে পারেন। যদি সেটি আসল রুপো হয়, তবে তাপের সংস্পর্শে কুঁচকে গিয়ে ছোট্ট বলের রূপ নেবে। কিন্তু যদি অ্যালুমিনিয়াম বা অন্য কোনও ভেজাল ধাতু থাকে, তবে সেই রাংতা পুড়ে কালো বা বাদামি রঙের ছাই হয়ে যাবে।

∆ চকচকে ভাব ও রঙে নজর দিন: 

নকল তবকের চেহারাতেই তার কৃত্রিমতা ধরা পড়ে। জাল রুপোর পেপার সাধারণত অতিরিক্ত সাদা ও তীব্র চকচকে হয়। এই কৃত্রিম উজ্জ্বলতাই বলে দেয় তাতে ভেজাল রয়েছে। আসল রুপোর তবক কখনওই অত বেশি চকচকে বা ধবধবে সাদা হয় না।

∆ FSSAI ও প্যাকেজিং দেখে কিনুন:  খোলা মিষ্টির বদলে প্যাকেটজাত মিষ্টি কেনার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। মোড়কের গায়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের নাম, প্যাকিংয়ের তারিখ এবং মেয়াদ শেষের তারিখ ভালোভাবে দেখে নিন। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা হয়, এমন কোনও নামী ও বিশ্বস্ত দোকান থেকেই মিষ্টি কেনা বুদ্ধিমানের কাজ। উৎসবের আনন্দ মাটি না করে একটু সচেতনতাই সুরক্ষিত রাখতে পারে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…