
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ছটপুজো, ১৬ নভেম্বর উদযাপিত হবে মহাপর্বের সমাপ্তি। সূর্যদেব ও ছটী মায়ের আরাধনায় মেতে উঠবেন অগণিত ভক্ত। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। মূলত বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে বিশেষ জনপ্রিয় হলেও বর্তমানে বাংলার বিভিন্ন এলাকাতেও ছটপুজো ধর্মীয় নিষ্ঠা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে। চার দিন ধরে চলা এই পুজোয় উপবাস, পবিত্র স্নান এবং অস্তগামী ও উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। এবার কবে কোন আচার পালিত হবে, জেনে নিন ছটপুজো ২০২৬-এর গুরুত্বপূর্ণ দিনক্ষণ।
৪ দিনের সম্পূর্ণ সময়সূচী ও তারিখ:
• দিন ১ — নাহয় খায়: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ (কার্তিক শুক্লা চতুর্থী) — পবিত্র স্নান এবং সাত্ত্বিক নিরামিষ খাবার (যেমন লাউ-ভাত) গ্রহণ।
• দিন ২ — খরনা (লোহান্ডা): শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ (কার্তিক শুক্লা পঞ্চমী) — সারাদিন উপবাসের পর সন্ধ্যায় গুড়ের পায়েস (খির) ও রুটি প্রসাদ গ্রহণ এবং এখান থেকে ৩৬ ঘণ্টার নির্জলা ব্রত শুরু।
• দিন ৩ — সন্ধ্যা অর্ঘ্য: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ (কার্তিক শুক্লা ষষ্ঠী) — নদীর ঘাট বা জলাশয়ে অস্তগামী সূর্যদেব ও ছঠি মাইয়াকে প্রথম অর্ঘ্য প্রদান। কলকাতার সময় অনুযায়ী এদিনের সূর্যাস্ত বিকাল ৪:৪৯ মিনিটে।
• দিন ৪ — উষা অর্ঘ্য ও পরানা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ (কার্তিক শুক্লা সপ্তমী) — ভোরবেলা উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ব্রত ভঙ্গ বা পরানা করা। কলকাতার সময় অনুযায়ী সূর্যোদয় ভোর ৫:৫৩ মিনিটে।
