Nitin Nabin: বিরোধীদের ‘মুখোশ’ খুলতে পথে বিজেপি! রাজ্যজুড়ে মহামিছিল, কলকাতায় হাঁটবেন নীতীন নবীন

BJP President Nitin Nabin
BJP President Nitin Nabin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামী সপ্তাহেই ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। অন্যদিকে, কালীপুজো মিটতেই রাজ্য সফরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সামনেই কলকাতা ও হাওড়ার পুর নির্বাচন। এই দুই নির্বাচনকে সামনে রেখে বিজেপির অন্দরে এখন প্রার্থী বাছাই এবং নির্বাচনী কৌশল নিয়ে জোর আলোচনা চলছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিজেপির টিকিটে প্রার্থী করা হবে কি না, তা নিয়েও দলের অভ্যন্তরে শুরু হয়েছে জল্পনা। পুরভোটে ঘাসফুল শিবিরকে মোকাবিলা করতে পদ্ম শিবির কী রণকৌশল গ্রহণ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এই পরিস্থিতিতে নীতীন নবীন এবং অমিত শাহের পরপর রাজ্য সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

আগামী ২ নভেম্বর কলকাতায় আসছেন বিজেপি সভাপতি। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে খবর। যে বৈঠকে পুরভোটের প্রস্তুতি নিয়েও যেমন গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি রণকৌশল ঠিক করে দেবেন তিনি। এছাড়াও, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের দলে নেওয়া নিয়ে যে দু’রকম মত দলের মধ্যে রয়েছে তা নিয়েও রাজ‌্য নেতাদের সঙ্গেও কথা বলবেন নবীন। 

এদিকে, ককরোচ জনতা পার্টির ‘মুখোশ’ খুলতে সারা দেশজুড়ে প্রচারে নামছে পদ্মশিবির। বাংলাতেও আগামী শনিবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ কর্মসূচি পালন করা হবে। নীতীন নবীন দলের সর্বভারতীয় সভাপতি হওয়ার পর দেশজুড়ে এটাই বিজেপির প্রথম বড় কর্মসূচি। ২ নভেম্বর নবীন কলকাতায় এসে ওইদিন এই কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২ তারিখ ‘গণতন্ত্র বাঁচাও’, ‘অরাজকতা হটাও’ মহামিছিল করবে বিজেপি। এখনও পর্যন্ত ঠিক রয়েছে কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিল হবে। আর সেই মহামিছিলে থাকবেন নীতীন নবীন ছাড়াও মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ‌্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যের মন্ত্রীরা। খবর, ২ তারিখ একদিনের জন‌্যই কলকাতায় নীতিন নবীন আসছেন বলে ঠিক রয়েছে। মহামিছিলের পর পুরভোট নিয়ে দলীয় বৈঠক করার কথাও রয়েছে তাঁর। বৈঠক সেরে ওইদিন রাতে বা পরদিন সকালে দিল্লি ফিরে যাবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত‌্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করেছে। দোসর হয়েছে ইন্ডি জোট। বিজেপি মনে করছে, তাদের চাপে ফেলতে আগামী লোকসভা ভোট পর্যন্ত এধরণের ‘অরাজকতা’ তৈরির চেষ্টা হবে। তাই ককরোচ জনতা পার্টি, কংগ্রেস-সহ বিরোধীদের আন্দোলনের পাল্টা মোকাবিলায় বিজেপি এই কর্মসূচি নিয়েছে। রাজ‌্য বিজেপির সহ-সভাপতি প্রবাল রাহা জানালেন, ‘‘৩ নভেম্বর হাওড়া ও শিলিগুড়ি, ৪ নভেম্বর কৃষ্ণনগর, ৫ নভেম্বর দুর্গাপুরে এই কর্মসূচি হবে। এরপর কালীপুজো শেষ হলে ১১ তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। ৮০০টি জায়গায় এই পদযাত্রা হবে। ন্যূনতম ১০হাজার জন অংশ নেবে।’’ স্বদেশের স্বপক্ষে সারা দেশে জাতীয়তাবাদী মানুষকে একত্র করা হবে। উল্লেখ‌্য, সেপ্টেম্বরের শেষে নীতিন নবীন বঙ্গে এসেছিলেন। দু’দিনের সেই সফরে ঠাসা কর্মসূচি ছিল তাঁর। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছিলেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…