Nagpur MLC Election Results | মোদির কটাক্ষের পরেই পাল্টা জবাব! আরএসএসের খাসতালুক নাগপুরে বিজেপিকে হারাল কংগ্রেস

Narendra Modi &  Rahul Gandhi
Narendra Modi & Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘শূন্য’ বলে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরেই আরএসএসের সদর দফতরের শহর নাগপুরে বিধান পরিষদের আসন জিতে নজর কাড়ল হাত শিবির। মহারাষ্ট্রের নাগপুর ডিভিশন স্নাতক কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থী সুধাকর কোহলেকে ৩,২৭১ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের অভিজিৎ ওয়াঞ্জারি। এই আসনটি ধরে রাখল কংগ্রেস। তাৎপর্যপূর্ণ বিষয়, নাগপুর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের নিজের শহর এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরীরও রাজনৈতিক গড় হিসেবে পরিচিত। ফলে এই জয় বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তাছাড়া ৪ রাজ্যের ২৮টি বিধান পরিষদের আসনে ভোটগণনা চলাকালীনই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির অন্য নেতারা কংগ্রেসকে নিয়ে রীতিমতো রসিকতা শুরু করে দেন। কারণ বুধবার রাত পর্যন্ত ২৮ আসনে কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় কংগ্রেসকে খোঁচা দিয়ে বলে দেন, ‘ভোট তো ব্যালটে হয়েছিল, কটা আসন জিতলেন?’ রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো ঠাট্টা শুরু করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

 বৃহস্পতিবার সকালে ভোটগণনা শেষ হতেই সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটা খেল বিজেপি। খাস নাগপুরের গ্র্যাজুয়েটস আসনটিতে কংগ্রেসের অভিজিৎ ওয়াঞ্জারি বিজেপির সুধাকর কোলে-কে হারিয়ে দিলেন ৩ হাজার ২৭১ ভোটে (Nagpur MLC Election Results)। আরএসএসের খাসতালুকে এই হার বিজেপিকে খানিকটা হলেও চিন্তায় রাখবে। শুধু তাই নয়, সার্বিকভাবে মহারাষ্ট্রে খারাপ ফলাফল করেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। ৫ আসনের মধ্যে দুটি জিতেছে শাসক জোট। বিরোধী মহা বিকাশ আঘাড়ি জিতেছে ৩ আসন।

শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনেও সুখকর ফল হয়নি বিজেপির। ১১ আসনের মধ্যে যে ১০ আসনের ফল ঘোষণা হয়েছে সেগুলির মধ্যে বিজেপি ৬ আসনে জিতেছে। বাকি ৪ আসনে সমাজবাদী পার্টি জিতেছে। শেষ আসনটিতেও এগিয়ে সমাজবাদী পার্টি। ফলাফলের পর সপা সুপ্রিমো অখিলেশ যাদব দাবি করেছেন, “সমস্ত সরকারি ক্ষমতা, অসাধু উপায়েও বিধান পরিষদ নির্বাচনে মুখরক্ষা হল না বিজেপির। ওদের ব্যাগ গোছানোর সময় হয়ে গিয়েছে।” রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও মানছেন, সমাজবাদী পার্টি এমন সব আসনে জিতেছে, যেগুলিতে তাঁদের জয়ের কথা ছিল না। বিহারের ফলও চিন্তায় রাখবে বিজেপিকে। সেরাজ্যেও ৮ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩টি। নির্দল ও বিরোধীদের দখলে গিয়েছে ৪ আসন। একমাত্র কর্নাটকে স্বস্তির খবর পেয়েছে গেরুয়া শিবির। সে রাজ্যের ৪ আসনের ৪টিই জিতেছে এনডিএ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…