
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সে (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই হার বেড়ে দাঁড়াবে ৬৩ শতাংশে। বুধবার এই ঘোষণা করা হলেও, বর্ধিত হারে ডিএ মিলবে চলতি বছরের জুলাই মাস থেকেই। ফলে বকেয়া-সহ বাড়তি ভাতার সুবিধা পাবেন কর্মীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।
এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ জুলাই ২০২৬ থেকে এই বাড়তি মহার্ঘ ভাতার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন। এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার ফলে গত ১২ মাসের গড় সূচক ১৪৮.৬৫ হয়েছে। সপ্তম বেতন কমিশনের নির্ধারিত সূত্রে এই গড় বসালে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬ শতাংশ। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩.৭৬ শতাংশের অর্থ ৬৩ শতাংশ।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে দু’বার বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে থাকেন- ১ জনুয়ারি এবং ১ জুলাই থেকে। ১২ মাসের গড় কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্যের ভিত্তিতে এই মহার্ঘ ভাতার অঙ্ক স্থির করা হয়। সাধারণভাবে যে কর্মীর বেসিক পে বা মূল ভিত্তি বেতন মাসে ১৮ হাজার টাকা তাঁর ৫৪০ টাকা, যাঁর ভিত্তি বেতন ৩০ হাজার টাকা তাঁর ৯০০ টাকা এবং যাঁর বেতন ৫০ হাজার টাকা তিনি। ১৫০০ টাকা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন।
