Humayun Kabir: ৬ ডিসেম্বর ঘিরে ফের উত্তেজনার ইঙ্গিত! জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

Humayun Kabir
Humayun Kabir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাবরি মসজিদ ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য করে হুঁশিয়ারি দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর বক্তব্য, ‘‘প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক।’’ রবিবার বেলডাঙার প্রস্তাবিত মসজিদ প্রাঙ্গণে আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বিধায়ক। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, কোনও ধরনের অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। 

রবিবার বেলডাঙার সভায় আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‘বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক পুলিশ প্রশাসন। এক মাস পাঁচ দিন পরে আমি আবার ঘোষণা করলাম, মুর্শিদাবাদের প্রশাসনের ক্ষমতা থাকলে রুখে নেবেন। ওই দিন আবার ৩৪ নং জাতীয় সড়ক, রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার আমার কবজায় থাকবে। যেদিন থেকে কৃষ্ণনগর থেকে বহরমপুর, ডোমকল, জলঙ্গি থেকে বহরমপুর, সাঁইথিয়া থেকে কান্দি হয়ে বহরমপুর, ওদিকে বর্ধমান থেকে যেটা নবদ্বীপ ব্রিজ হয়ে সমস্ত রাস্তা চার-পাঁচ ঘণ্টার জন্য এই মুসলিম ভাইরা, এই বাবরি মসজিদের আবেগে তাঁরা সাড়া দিয়ে রাস্তায় ছিল। পুলিশ তখন কিচ্ছু করতে পারেনি। পুলিশ জানে, আমরা কেউ আইনশৃঙ্খলা ভাঙিনি, আগামী দিনেও ভাঙব না। কিন্তু আমার আর্জি, আপনারা ২০২৬ সালের ৬ ডিসেম্বর সবাই আমার সঙ্গে থাকবেন।” 

গত বছর তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরই হুমায়ুন বাবরি মসজিদকে ইস্যু করে রাজনীতির আঙিনায় নেমেছিলেন। ঐতিহাসিক ৬ ডিসেম্বরকে সামনে রেখে ওইদিনই তাঁর নিজের এলাকা বেলডাঙায় মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন ওঠায় পুলিশের তরফে কড়া ব্যবস্থাও ছিল। সেই পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করেই হুমায়ুন ফের হুঁশিয়ারি দিলেন,‘‘ ক্ষমতা থাকলে আটকে দেখাক।” এদিন তিনি জানান, প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে বাবরি মসজিদটি হবে দোতলা। তাতে মোট ৮০ হাজার মানুষ নমাজ পড়তে পারবেন। এছাড়া মসজিদ চত্বরে আরও ২০ হাজার জনের নমাজপাঠের ব্যবস্থা থাকবে। মসজিদের বেসমেন্টে বেশ কয়েকটি ঘর তৈরি হচ্ছে। বাইরে থাকা আসা দর্শনার্থীরা সেখানে ভাড়া দিয়ে থাকতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর এর উদ্বোধন হবে। ওইদিন মুসলিম সমাজের সকলকে নিয়ে রাস্তা অবরোধে নামবেন হুমায়ুন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…