
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয়ের পর ভোটে কারচুপির অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে ৪০ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন লুলা। তবে ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্পের দাবি, নির্বাচনের প্রক্রিয়া দেখে তাঁর কাছে ‘কারচুপির ভোট’ বলেই মনে হয়েছে। যদিও এই অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ দেননি তিনি। অন্যদিকে, আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং অতীতের ভোটে জালিয়াতি সংক্রান্ত তথ্য দিলে ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছেন ট্রাম্প।
আসনে ব্রাজিল নির্বাচনে ট্রাম্পের মূল আপত্তি সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট গ্রহণ ২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, “যেভাবে গণনা হয়েছে, দেখতে খুব খারাপ লেগেছে। সত্যিই বিষয়টি বড় অদ্ভুত।” অবশ্য ট্রাম্পের এই সন্দেহ ভিত্তিহীন দাবি করছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক পেদ্রো বুর্গোসের মতে, ব্রাজিলের নির্বাচনে বাড়তি ২ ঘণ্টায় ৩৫ হাজারেরও কম ভোট পড়েছে। যা মোট ভোটের মাত্র ০.০৩ শতাংশ। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর পুত্র ফ্লাভিও দাবি করেছেন, তাঁদের জোর করে হারানো হয়েছে। লুলার জয় বাতিল করতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভোটগ্রহণ ২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন তিনি ফ্লাভিও বলসোনারোকে সমর্থন করেননি। তবে রিপোর্ট বলছে, ট্রাম্পের দাবি একেবারেই সত্য নয়। রয়টর্সের এক রিপোর্টে আগেই জানানো হয়েছিল, ট্রাম্পের বিদেশদপ্তরের আধিকারিকরা বলসোনারো পরিবারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ঢালাও প্রচার চালায়। এদিকে ব্রাজিল নির্বাচনের রেশ টেনে এদিন এক বড় ঘোষণা করেছেন ট্রাম্প। দেশে আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘বিগত নির্বাচনগুলোতে, অথবা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যারা ভোটার জালিয়াতির তথ্য দেবে তাঁদের পুরস্কৃত করা হবে। জালিয়াতির হোতাদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করার পর ১০ লক্ষ ডলার দেওয়া হবে!’
