Mojtaba Khamenei: জীবিত আছেন মোজতবা খামেনেই? স্বাস্থ্য নিয়ে জল্পনার মাঝেই বড় দাবি ইরানের শীর্ষ কূটনীতিকের

Mojtaba Khamenei
Mojtaba Khamenei

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাবা আয়াতোল্লা আলি খামেনেইর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়াতেও দেখা যায়নি তাঁকে। এরপর থেকেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর শারীরিক অবস্থা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। এমনকি তিনি আদৌ জীবিত কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে একাংশ। এই জল্পনার আবহে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের অন্যতম শীর্ষ কূটনীতিক আবদুল মজিদ হাকিম এলাহি দাবি করেছেন, সুস্থই রয়েছেন মোজতবা। তাঁর বক্তব্য, গত সপ্তাহেই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টানা সাত ঘণ্টার বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। কিন্তু সব ঠিক থাকলে এখনও কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাঁকে? এই প্রশ্ন ঘিরেই বাড়ছে জল্পনা। 

ছ’মাস আগে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় আহত হওয়ার পর থেকেই মোজতবা খামেনেইকে আর জনসমক্ষে দেখা যায়নি। উল্লেখ্য, ওই বিমান হামলাতেই ইরান যুদ্ধের সূচনা হয়েছিল এবং নিহত হয়েছিলেন বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরেই ইরানের শীর্ষপদে বসানো হয়ে ছেলে খামেনেইকে। যদিও জনসমক্ষে কখনই দেখা যায়নি তাঁকে। এই বিষয়ে প্রশ্ন উঠলে আবদুল মজিদ হাকিম এলাহি বলেন, “তিনি অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী। খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করছেন। এমনকী আমাদের প্রেসিডেন্টও জানিয়েছেন, গত সপ্তাহে তাঁর সঙ্গে ৭ ঘণ্টার একটি বৈঠক হয়েছে। গতকাল আমাদের জাতীয় সংসদের স্পিকার তাঁর সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক হয়েছে। আমার কয়েকজন বন্ধুও তাঁর সঙ্গে দেখা করেছেন, তাঁরা নিশ্চিত করেছেন যে, তিনি সুস্থ আছেন। খুব ভালোভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।” 

এরপরও বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় কেন দেখা যায়নি মোজতবাকে? পরবর্তীকালেও প্রকাশ্যে আসেননি কেন? এই বিষয়ে ইরানের কূটনীতিকের দাবি, “নিরাপত্তা ব্যবস্থায় বদল হওয়ায় তিনি গণমাধ্যমের সামনে আসেননি, কেউ তাঁকে দেখেনি। যদিও বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। সেই সময় আমি ইরানেই ছিলাম। আমি তাঁর দুই ভাইয়ের সঙ্গে দেখা করি। মোজতবাও সেখানে ছিলেন।” আবদুল মজিদ আরও বলেন, “কোনও কোনও রাতে তিনি রাস্তায় নেমেছেন। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী ইরানের জনগণের বিক্ষোভে অংশ নিয়েছিলেন।”

চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ অষ্টম মাসে পড়েছে। এমন সময়ে ইরানকে আসলে কারা পরিচালনা করছে তা কেউ জানে না। ট্রাম্প বলেন, “তাদের নেতারা নেই, তাদের দ্বিতীয় সারির নেতারাও নেই। সবচেয়ে বড় সমস্যা হল, দেশটিকে ঠিক কারা চালাচ্ছে, তা কেউ জানে না।” যদিও এই দাবি উড়িয়ে দিল ইরান।    

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…