
পূর্ব মেদিনীপুর, ২ এপ্রিল : ফের দুর্ঘটনা সমুদ্র সৈকতে। বুধবার রাতে তাজপুরে দু’টি দেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃতরা দু'জনেই চিকিৎসক। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দু’জনের নাম কুন্তল ও শৈলজা। বয়স বছর পঁয়ত্রিশ। কী ভাবে দু'জনের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তে পাঠানো হয়েছে দেহ দুটি।
প্রসঙ্গত, এর মধ্যেই বুধবার দিঘায় সমুদ্রে স্নান করতে নামেন সুনীল মুখোপাধ্যায় এবং তাঁর নাতনি সোয়ানা মুখোপাধ্যায়। প্রবল ঢেউয়ের স্রোতে ভেসে যান তাঁরা। উপস্থিত নুলিয়াদের তৎপরতায় দাদু এবং নাতনির প্রাণ রক্ষা পায়।
উল্লেখ্য, তালসারি এলাকায় একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যু হয় বলে দাবি। যদিও এই মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এর পরে আবার তাজপুরে ভাসতে দেখা গেল দু’জনের দেহ।
