
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটের নিরাপত্তায় ‘ভিন রাজ্য’ মডেল। নির্বাচন কমিশন এবার কোনো ঝুঁকি না নিয়ে বিহার, তেলেঙ্গানা, পাঞ্জাব এবং দিল্লির মতো রাজ্যগুলো থেকে ৮৪ জন দুঁদে পুলিশ পর্যবেক্ষককে বাংলায় তলব করেছে। এঁদের মূল কাজ হবে স্থানীয় পুলিশের ওপর নির্ভর না করে বুথ স্তরের নিরাপত্তা এবং স্পর্শকাতর এলাকাগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা। এছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যা কমিশনের নজরদারি বলয়কে আরও শক্তিশালী করবে। বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতেই এই ভিন রাজ্যের আধিকারিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এবার দু’দফায় বাংলায় নির্বাচন (West Bengal Assembly Election) হতে চলেছে। প্রথম দফার ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল। অন্যান্য রাজ্যের সঙ্গেই আগামী ৪ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণা। এবারের বঙ্গ ভোট শান্তিপূর্ণ করানোটা কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ! যদিও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বধ্যপরিকর বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর এরপরেই রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। যা গতবারের তুলনায় একধাক্কায় দ্বিগুণ! জানা গিয়েছে, এবার সাধারণ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে ২৯৪ জনকে। প্রত্যেক বিধানসভাতে একজন করে পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। এছাড়াও প্রত্যেক জেলাতে নিয়োগ করা হচ্ছে ২জন করে পুলিশ পর্যবেক্ষককে। আর এই সংখ্যাটা ৮৪ জন। বেশিরভাগ আধিকারিকই আসছেন ভিন রাজ্য থেকে।
এছাড়াও এবার আয়-ব্যয় সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার কাজেও এবার ১০০ জন পর্যবেক্ষককে নিয়োগ করা হচ্ছে। কমিশন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ মার্চ অর্থাৎ আগামিকাল বুধবারই পর্যবেক্ষকদের দায়িত্ব বুঝে নেওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট বিধানসভায় পৌঁছে যাবেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা। জানা যাচ্ছে, দায়িত্ব নেওয়ার পরেই পর্যবেক্ষকরা যোগাযোগের ঠিকানা দেবেন। যেখানে যে কোনও অভিযোগ জানানো যাবে। এছাড়াও শান্তিপূর্ণ ভোট, কেন্দ্রীয় বাহিনীর উপরেও পর্যবেক্ষকরাও নজর রাখবেন বলে জানা গিয়েছে।
