
কলকাতা, ২২ জুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী বুধ এবং বৃহস্পতিবারও কলকাতায় ঝড়-বৃষ্টি হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এই সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। তারপর থেকেই বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ঘাটতি রয়েছে। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির কারণে উত্তর অথবা দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সাত দিন তাপমাত্রা একইরকম থাকবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।
