
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের কিছুটা আগেই, সকাল ১০টা ৫৬ মিনিট নাগাদ তিনি সিজিও দপ্তরে পৌঁছন। তার আগে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ নিজ বাসভবন থেকে রওনা দেন তিনি।ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এক আগে এই মামলায় নাম জড়িয়েছিল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। আর্থিক লেনদেন সংক্রান্ত গরমিল নিয়ে জেরা করা হতে পারে বলেই খবর। বলে রাখা ভালো, এই মামলায় রক্ষাকবচ নেই অভিষেকের।
নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র নাম উঠে আসে। এই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, এই সংস্থায় শিক্ষা দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয়, কালো টাকা সাদা করা হয়েছে বলেও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একাধিকবার এই বিষয়ে জেরাও করা হয় সাংসদকে। যদিও এহেন অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।তবে বাংলার মসনদে বদল আসতেই যে তৃণমূল সাংসদের সম্পত্তি যে স্ক্যানারে তা গত ১৬ মে ফলতার সভা থেকেই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি জানান, ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র ২৪টি সম্পত্তি রয়েছে কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিসও রয়েছে। ‘সব হিসাব হবে’ বলেও উল্লেখ করেছিলেন মুখ্য়মন্ত্রী। সেই সংক্রান্ত তথ্যের খোঁজেই অভিষেককে ডেকেছে ইডি। এর আগে দু’দফায় ভবানীভবনে প্রায় ১৫-১৬ ঘণ্টা বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। আগামিকাল, মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় ভবানীভবনে ফের হাজিরা দিতে হবে তাঁকে।
