
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন-কে ঘিরে হঠাৎই ছড়িয়ে পড়ে উদ্বেগ। সোশাল মিডিয়ায় এক সাংবাদিক দাবি করেন, অসুস্থতার কারণে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বিগ বি’। মুহূর্তের মধ্যে সেই খবর ভাইরাল হয়ে পড়ে এবং অনুরাগীদের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা। তবে পরে নিজেই পোস্ট করে সমস্ত জল্পনায় ইতি টানেন বর্ষীয়ান অভিনেতা। জানা যায়, অমিতাভ বচ্চন হাসপাতালে গিয়েছিলেন ঠিকই, তবে তা শুধুমাত্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য। চেক আপ শেষ করে তিনি বাড়িতেও ফিরে আসেন। অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকেও জানানো হয়, চিন্তার কোনও কারণ নেই। পরে সোশাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত পোস্ট করে অমিতাভ লেখেন, ‘ভাইয়েরা চিল শান্ত হলে, টিয়াপাখি কথা বলতে শুরু করে।’ সেই বার্তার মাধ্যমেই তিনি বুঝিয়ে দেন, শারীরিকভাবে তিনি স্থিতিশীল রয়েছেন।
তবে বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেতা। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। সেই সময় মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন অমিতাভ। এরপর ২০১৮ সালে তীব্র পেটব্যথার কারণে চিকিৎসকদের নজরে আসে অন্ত্রের জটিলতা। অস্ত্রোপচারের সময় ধরা পড়ে, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। জানা যায়, দীর্ঘদিনের ‘হেপাটাইটিস বি’-র প্রভাবেই তাঁর লিভারের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে অভিনেতার লিভারের মাত্র ২৫ শতাংশ কাজ করছে বলেও জানা গিয়েছে। তবু কাজের ক্ষেত্রে কোনও আপস করতে নারাজ তিনি। সম্প্রতি Kaun Banega Crorepati-র নতুন সিজনের প্রস্তুতির সময় নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন অমিতাভ। তিনি জানান, এখন ছোটখাটো কাজ করতেও অনেক বেশি সতর্ক থাকতে হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দৈনন্দিন অভ্যাসেও পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। তবে এত প্রতিকূলতার মধ্যেও অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা এতটুকু কমেনি। অ্যাকশন দৃশ্য হোক বা দীর্ঘ শুটিং, আজও একই উদ্যমে কাজ করে চলেছেন তিনি। আর সেই অদম্য মানসিক জোরই তাঁকে আজও বলিউডের অনন্য কিংবদন্তি হিসেবে আলাদা জায়গা এনে দিয়েছে।
